Home » Rahul Gandhi: রাহুলের ধাক্কায় মাথা ফাটল সাংসদের! বিরোধী দলনেতার বিরুদ্ধে পুলিশে এফআইআর বিজেপির

Rahul Gandhi: রাহুলের ধাক্কায় মাথা ফাটল সাংসদের! বিরোধী দলনেতার বিরুদ্ধে পুলিশে এফআইআর বিজেপির

সময় কলকাতা ডেস্ক, ১৯ ডিসেম্বরঃ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ বিজেপি! তাঁর ধাক্কাতেই আহত হয়েছেন দলের দুই সাংসদ। এই অভিযোগ তুলে রাহুলের বিরু্দ্ধে সংসদ মার্গ থানায় অভিযোগ দায়ের করলেন। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সহ-তিনজন সাংসদ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিআর আম্বেদকর মন্তব্য নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষোভ প্রদর্শন করছিলেন বিরোধী সাংসদরা। সেই সময় বিজেপি সাংসদরা সংসদকক্ষে প্রবেশ করার সময় বিপত্তি ঘটে। তাঁদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিরোধী সাংসদদের বিরুদ্ধে। ধস্তাধস্তি ও হাতাহাতিতেও জড়িয়ে পড়েন দুই পক্ষের বেশ কিছু সদস্য। অভিযোগ সেই সময় রাহুল গান্ধির ধাক্কায় ঘটনাস্থলে পড়ে যান বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র সারেঙ্গী। মাথা ফেটে যায় ওড়িশা থেকে নির্বাচিত সাংসদের। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে। ফোন করে দলের সাংসদের খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  শুধু প্রতাপচন্দ্র নন, অভিযোগ ধাক্কাধাক্কিতে আহত হন মুকেশ রাজপুত নামের এক সাংসদও। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়। দুজনেই অভিযোগ করেন রাহুলের বিরুদ্ধে। প্রতাপচন্দ্রের দাবি, রাহুলের ঠেলায় পড়ে যান এক সাংসদ। সামনে থাকা সাংসদও সামাল দিতে না পেরে পড়ে যান। তখনই তাঁর মাথায় চোট লাগে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, “রাহুল গান্ধির ধাক্কায় দুই বিজেপি সাংসদ গুরুতর আহত হয়েছেন। কোনও সাংসদ সংসদ চত্বরে কীভাবে বল প্রয়োগ করতে পারেন? কোন আইন এটার অনুমতি দিচ্ছে। আপনি কি কুংফু-ক্যারাটে অন্য সাংসদদের মারধর করার জন্যই শিখেছেন?” বিজেপির সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীরা দফায় দফায় গিয়ে আহত সাংসদদের সঙ্গে দেখা করেন। সঙ্গে হাসপাতালে দেখা করেন। তারপরেই রাহুলের নামে সংসদ মার্গ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অনুরাগ ঠাকুর, বাঁসুরী স্বরাজরা।

আরও পড়ুনঃ কালাজ্বরের ওষুধ আবিষ্কার করে বিপ্লব ঘটিয়েছিলেন যে বাঙালি চিকিৎসক

পদ্ম শিবিরের দাবি, নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন লোকসভার বিরোধী দলনেতা। সংসদ ভবনে প্রবেশ করতে তাঁদের বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তাঁরা। উল্টোদিকে বিজেপি সাংসদদের বিরুদ্ধেও শারীরিক নিগ্রহের অভিযোগ তুলেছে কংগ্রেস। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আক্রমণ চালানো হয় বলে অভিযোগ করেছে হাত শিবির। কেসি বেণুগোপালদের পাল্টা দাবি রাহুল গান্ধি সংসদ ভবনে প্রবেশের সময়, তাঁকে বাধা দেওয়া হয়। কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুরের অভিযোগ, কংগ্রেস সাংসদরা সংসদে ঢুকতে গেলে বিজেপি সাংসদরা বাধা দেন। বিজেপি সাংসদরা লাঠি নিয়ে এসেছিলেন। রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, মল্লিকার্জুন খাড়গেকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় কটূক্তি করা হয়। রাহুল গান্ধির, “সংসদ ভবনে প্রবেশ করতে গেলে বিজেপি সাংসদরা আমাকে ঘিরে ধরেন। তাঁরা ধাক্কা মারেন আমাকে। এটুকুই ঘটনা ঘটেছে।”

About Post Author