Home » Vijay Hazare Trophy: অভিষেকের অনবদ্য শতরান, বিজয় হাজারে ট্রফিতে দিল্লিকে হারাল বাংলা

Vijay Hazare Trophy: অভিষেকের অনবদ্য শতরান, বিজয় হাজারে ট্রফিতে দিল্লিকে হারাল বাংলা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ ডিসেম্বরঃ জয় দিয়ে বিজয় হাজারে ট্রফি অভিযান শুরু বাংলার। শনিবার ই গ্রুপের ম্যাচে দিল্লিকে ৬ উইকেটে হারিয়ে দিল লক্ষ্মীরতন শুক্লর ছেলেরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭২ রান তোলে দিল্লি। জবাবে ৪১.৩ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলা। বাংলার এই জয়ের নেপথ্য নায়ক অভিষেক পোড়েল। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ধারাবাহিকভাবে রান করেছেন বঙ্গ ওপেনার। বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচেও অনবদ্য ১৭০ রানের ইনিংস খেললেন। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন অভিষেক।

টস জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠান বাংলা অধিনায়ক সুদীপ কুমার ঘরামি। মহম্মদ শামির অনুপস্থিতিতে বাংলার বোলিং আক্রমণকে নেতৃত্ব দেন মুকেশ কুমার। আইপিএলের মেগানিলামে দিল্লির ফ্র্যাঞ্চাইজি ৮ কোটি টাকার বিনিময়ে বাংলার বোলারকে দলে নিয়েছে। সেই দিল্লির বিরুদ্ধে বল হাতে দাপট দেখালেন মুকেশ। ১০ ওভারে ৬৬ রান হজম করলেও নিলেন ৪ উইকেট। দিল্লির দুই ওপেনার প্রিয়াংশ আর্যা (৪) ও বৈভব কাণ্ডপালকে (৪৭) ফেরান তিনি। পরে হিম্মত সিং (৬০) ও হর্ষ তৈগীকেও (১০) সাজঘরে ফেরান তিনি। একটি করে উইকেট পেয়েছেন সায়ন ঘোষ ও কৌশইক মাইতি। যশ ধূলকে (৮) আউট করেন সায়ন। দিল্লির অধিনায়ক আয়ূশ বাদোনির (৪১) উইকেট নেন কৌশিক।

আরও পড়ুনঃ Robin Uthappa: বড় অঙ্কের আর্থিক তছরুপের অভিযোগ, জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

রান তাড়া করতে নেমে শুরুতে করণ লালের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলা। তখন দলের হাল ধরেন অভিষেক পোড়েল। ইশান্ত শর্মা, নভদীপ সাইনি, আয়ূশ বাদোনির মত জাতীয় দলের হয়ে খেলা বোলারদের বিরুদ্ধে দ্রুত রান তুলতে থাকেন তিনি। মুকেশের মত অভিষেককেও আগামী মরশুমে দিল্লি দলে খেলতে দেখা যাবে। যদিও আগামী মরশুমের জন্য যে ক্রিকেটারদের দলে রেখেছিল দিল্লির ফ্র্যঞ্চাইজিটি, তার মধ্যে অভিষেক অন্যতম। কেন তাঁর উপর আস্থা রেখেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়রা প্রমাণ করে দিলেন তিনি। ১৩০ বলে ১৭০ রানের ইনিংস খেলেন অভিষেক। তাঁর ইনিংস সাজানো ছিল ১৮টি চার ও ৭টি ছয়ের সাহায্যে। শেষ পর্যন্ত পিচে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অভিষেক। সুদীপ (২৩) ও  অনুষ্টুপ মজুমদার (৩৭) তাঁকে যোগ্য সঙ্গ দেন। শেষ পর্যন্ত ৫১ বল হাতে নিয়ে ম্যাচ জেতে বাংলা।

About Post Author