Home » বিজেপি নেতার দোকান ভাঙ্গা নিয়ে বচসা, বচসায় জড়ালেন বিজেপি নেতা ও তৃণমূল কাউন্সিলর

বিজেপি নেতার দোকান ভাঙ্গা নিয়ে বচসা, বচসায় জড়ালেন বিজেপি নেতা ও তৃণমূল কাউন্সিলর

সময় কলকাতা ডেস্ক:-বিজেপি নেতার দোকানের একাংশ আচমকা ভেঙে দেওয়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য। এর জেরে বিতর্কে জড়ালেন তৃণমূল কাউন্সিলার। ঘটনাটি বারাসত পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ন’পাড়া কালিবাড়ি এলাকার। কালীবাড়ি আদর্শ বিদ্যাপীঠের পাশে অরুপ সেন নামে এক বিজেপি নেতার রেস্টুরেন্ট আছে। কিছুদিন দোকান বন্ধ রয়েছে। অরুপ হাবড়া বিজেপির কো-ইনচার্জ পদে রয়েছেন। দোকানের সামনের দিকটা জাতীয় সড়কের দিকে ঝুঁকেছিল। হঠাৎ করে সোমবার সকালে স্থানীয় কাউন্সিলার মৌমিতা ভট্টাচার্যের উপস্থিতিতে সামনের অংশটা ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। তা নিয়েই কাউন্সিলারের সঙ্গে বসসায় জড়িয়ে পড়েন অরুপ। তিনি বলেন, আমি বিজেপি করি বলেই আক্রোশে এই ঘটনা ঘটেছে। আমার দোকানের পাশের দোকানও জাতীয় সড়কের দিকে আছে। সেগুলিতে কিছু করা হয়নি। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ পুরসভার চেয়ারম্যানকে লিখিত অভিযোগ জানিয়েছি।

এ বিষয়ে কাউন্সিলার মৌমিতা ভট্টাচার্য বলেন, যেহেতু জাতীয় সড়কের ওপরে দোকানটি চলে এসেছিল তাই সামনের অংশ ভেঙে দেওয়া হয়েছে। এটা প্রশাসনিক পদক্ষেপ, রাজনৈতিক কোন বিষয় নয়। এর জন্য মানুষের যাতায়াত ও কাজে অসুবিধা হচ্ছিল। পাশের দোকানগুলির ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হবে। অতীতেও বারাসাতে ফুটপাত দখল করে থাকা, একাধিক দোকান ভেঙে দিয়েছে পৌরসভা। ফলে পৌরসভার ফুটপাত উচ্ছেদ অভিযান একটি রুটিন অভিযান। সে ক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি নেতার অভিযোগ কতটা মান্যতা পাবে সে প্রশ্ন রয়ে গিয়েছে।

About Post Author