সময় কলকাতা ডেস্ক:- ,সুমিত চৌধুরী(প্রয়াগরাজ থেকে): মহাকুম্ভের প্রথম স্থায়ী স্নান ১৪ই জানুয়ারি। কিন্তু এখন থেকেই একের পর এক আখড়ায় জড়ো হতে শুরু করে দিয়েছেন সাধু সন্ন্যাসীরা। হাতি ঘোড়া পালকি নিয়ে রীতিমতো মিছিল করে ঢুকছেন বড় বড় আখরারসাধু সন্ন্যাসীরা।১৩ টি আখরা মহাকুম্ভে অংশ নিলেও বড় আখরা মূলত সাতটি। শাহি স্নানে নাগা সন্ন্যাসীদের অধিকার সবার আগে বলাই বাহুল্য।
আখরার মহারাজদের জাঁকজমক চোখে পড়বার মতো। পাশাপাশি ভক্তদের অনেকের জাঁকজমক চমকে দেবে। পেল্লায় গাড়ি ব্রিজ পেরিয়ে ঢুকছে মেলা গ্রাউন্ডে। আবার দরিদ্র ভারতের মুখ ও এই মেলায় দেখা যাবে। খড়ের বস্তা আর কম্বল সম্বল করে হাজার হাজার দেহাতের মানুষ এসে হাজির হচ্ছেন কুম্ভ মেলা প্রাঙ্গণে। কোনভাবে রাস্তার পাশে ছাউনি তুলছেন মাথা গোঁজবার জন্য। ধনীদের জন্য অবশ্য কোন চিন্তা নেই। ফেলো কড়ী মাখো তেল। ভালো সুইস টেন্টের দৈনিক ভাড়া ২৫ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত।
এর মধ্যে রাকেশ টিকায়েতের ভারতীয় কিষাণ ইউনিয়ন মহাকুম্ভের মাঠে কৃষকদের মহাকুম্ভ ডেকে দিয়েছে। তবে কুম্ভকে সামনে রেখে রাজনৈতিক ফয়দা তুলতে কোন দলই পিছিয়ে নেই।যোগী আদিত্যনাথ আগামী বিধানসভা নির্বাচনের আগে মহাকুম্ভ সফল ভাবে সম্পন্ন করে হিন্দু ভাবাবেগের হাওয়া তুলতে চাইছেন। ফলে সমস্ত সরকারি প্রচার সামগ্রীতে নরেন্দ্র মোদির সঙ্গে যোগী আদিত্যনাথের ছবিও সমানভাবে উপস্থিত। অবশ্য যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদির তুলনায় ছবিতে নিজের দৈর্ঘ্য একটু কম দেখাচ্ছেন।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
দোল উৎসব : রাঙিয়ে দিয়ে যাও