Home » ক্ষমতায় এলে যমুনা পরিস্কার, দিল্লির বাজি জিততে ইস্তেহারে ১৫ প্রতিশ্রুতি কেজরির! ভোটমুখী দিল্লিতে যমুনা যেন ‘কুমিরের ছানা’

ক্ষমতায় এলে যমুনা পরিস্কার, দিল্লির বাজি জিততে ইস্তেহারে ১৫ প্রতিশ্রুতি কেজরির! ভোটমুখী দিল্লিতে যমুনা যেন ‘কুমিরের ছানা’

ক্ষমতায় এলে যমুনা পরিস্কার, দিল্লির বাজি জিততে ইস্তেহারে ১৫ প্রতিশ্রুতি কেজরির

সময় কলকাতা ডেস্ক:- ভোটমুখী দিল্লিতে যমুনা নদী যেন ‘কুমিরের ছানা’। গতবার বিধানসভা নির্বাচনের পর এবারও আম আদমি পার্টির ইস্তেহারে সেই যমুনা পরিস্কারের প্রতিশ্রুতি। দিল্লির বাজি জিততে সোমবার ইস্তেহার প্রকাশ করা হয়েছে আপের তরফে। সেখানে আপ ক্ষমতায় এলে দিল্লির জনগণের জন্য ১৫টি গ্যারান্টি দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।তবে এই ১৫ দফা প্রতিশ্রুতিতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে যমুনা পরিস্কার।

গতবারের পর এবারও একই প্রতিশ্রুতি

এই ইস্যুকে হাতিয়ার করে সরব হয়েছে বিজেপি-কংগ্রেস। যদিও কেজরি নিজেও স্বীকার করে নিয়েছেন, ২০২০ সালের ইস্তেহারে থাকা তিনটি গ্যারান্টি তাঁর সরকার পূরণ করতে পারিনি। এবারের ইস্তেহারেও তাই সেগুলি রাখা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, সেই সময় কোভিডের কারণে কাজ প্রভাবিত হয়েছিল এবং আবগারি মামলায় কেজরিওয়াল সহ দলের একাধিক নেতা মন্ত্রী জেলে চলে যাওয়ায় এই কাজ করা সম্ভব হয়নি। তবে এবার ক্ষমতায় ফিরে এলে এই সব প্রতিশ্রুতি তাঁরা পূরণ করব বলা হয়েছে।

আপের প্রকাশিত ইস্তেহার

আপের প্রকাশিত ইস্তেহারে সবার প্রথমে রয়েছে বেকার সমস্যার সমাধানের কথা। তিনি জানান, ক্ষমতায় আসার পর দিল্লির বেকার যুবকরা যাতে যোগ্যতা অনুযায়ী চাকরি পান সেই ব্যবস্থা করবেন তিনি। ২. মহিলা সম্মান যোজনা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকরণে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতিমাসে ২,১০০ টাকা করে সরকারি অনুদান পাবেন। ৩. সঞ্জীবনী যোজনা। যার মাধ্যমে সরকারি এবং বেসরকারি হাসপাতালে ৬০ বছরের ঊর্ধ্বে সব নাগরিকরা বিনামূল্যে চিকিৎসা পাবেন। চতুর্থ ও পঞ্চম প্রতিশ্রুতিতে আপ জানিয়েছেন, যারা বেশি টাকা জলের বিল পেয়েছেন সেই টাকা মুকুব করা হবে। এবং ২৪ ঘণ্টা জলের পরিষেবা পাবেন দিল্লিবাসী।

এছাড়া দিল্লিতে ইউরোপীয় মানের রাস্তা ও তা রক্ষণাবেক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সাত নম্বরে ফের যমুনা পরিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছে আপ। এছাড়া ডঃ আম্বেদকর স্কলারশিপ যোজনা, পড়ুয়াদের বিনামূল্যে বাসযাত্রা, মেট্রোয় ৫০ শতাংশ ছাড়, পূজারী ও গ্রন্থী যোজনায় মাসে ১৮ হাজার টাকা অনুদান, ভাড়াটেদের বিনামূল্যে বিদ্যুৎ ও জল, পুরানো নিকাশী লাইন প্রতিস্থাপন, নতুন রেশনকার্ড পাওয়ার উইন্ডো, অটোওয়ালা ও রিকশ চালকদের জন্য ১০ লক্ষ টাকার জীবন বিমা এবং ৫ লক্ষের দুর্ঘটনা বিমা, মেয়ের বিয়ের জন্য এক লক্ষ টাকা ও সন্তানদের বিনামূল্যে কোচিং এবং RWAতে নিরাপত্তারক্ষী মোতায়েন এর উল্লেখ করা হয়েছে।

About Post Author