সময় কলকাতা,নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্য ভবন অভিযান থাকাতে ভাঙড় জন কমিটির নেতা অলীক চক্রবর্তীকে বুধবার সকালবেলায় পার্টি অফিস থেকে গ্রেফতার করল পুলিশ। বুধবার সকালের এই অভিযানে অলীক চক্রবর্তী ছাড়াও মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য পুলিশ অনুমতি না দিলেও আজ বুধবার দুপুর দুটোয় স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দেওয়া হয়েছিল। অভয়া ইস্যুতে ন্যায় বিচার ছাড়াও অভয়া আন্দোলনে যারা যোগ দিয়েছিলেন তাঁদের বিরুদ্ধে প্রতিশোধ মূলক আচরণ করছে প্রশাসন এই অভিযোগও তুলেছেন অলীক চক্রবর্তী এবং অভিযানের অন্যান্য উদ্যোক্তারা। অলীক চক্রবর্তী ছাড়াও আরও বেশ কিছু গণ সংগঠন এবং ব্যক্তিত্ব বুধবারের এই স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন।
প্রতিবাদীরা করুণাময়ী বাসস্ট্যান্ডে জমায়েত হওয়ার ডাক দেন। প্রাপ্ত খবরের সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন ধরেই এই স্বাস্থ্য ভবন অভিযানকে ঘিরে প্রচার চলছিল। অন্যদিকে রাজ্য প্রশাসনের বক্তব্য এই মুহূর্তে সল্টলেকের বই মেলা মাঠে বইমেলা চলছে। এই পরিস্থিতিতে ওখানে স্বাস্থ্য ভবন অভিযানের মত কোন কর্মসূচি করতে দিলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেই জন্য যেকোনো মূল্যে এই অভিযান ঠেকাতে প্রশাসন মরিয়া। উল্লেখ্য এর আগে জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে দীর্ঘ অবস্থান চালিয়ে গিয়েছিলেন সেই অবস্থান তোলাতে প্রশাসনকে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়। অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রশাসন আর কোন ঝুঁকি নিতে চাইছে না। সেই জন্য প্রথম থেকেই জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ প্রশাসন সক্রিয়। যদিও পুলিশ প্রশাসনের তরফে এখন পর্যন্ত কাউকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতারের কথা স্বীকার করা হয়নি।।


More Stories
ঋতব্রতদের সম্পর্কে কুণাল ঘোষের বক্তব্য কেন তাৎপর্যপূর্ণ?
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
অভিষেকের পরে কল্যাণ