Home » চন্দ্রযান-৫ অভিযানে অনুমোদন দিল কেন্দ্র ! এবার ২৫০ কেজির রোভার নামবে চাঁদের মাটিতে

চন্দ্রযান-৫ অভিযানে অনুমোদন দিল কেন্দ্র ! এবার ২৫০ কেজির রোভার নামবে চাঁদের মাটিতে

সময় কলকাতা ডেস্ক:- আবার চাঁদ সফরে নতুন অভিযানে ভারত। গতবছর চন্দ্রযান-৩-এর সাফল্যের পর বিশ্বজুড়ে মহাকাশ গবেষণায় খ্যাতি অর্জন করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এবার চন্দ্রযান ৫-এর জন্য কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পেয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এমনটাই জানিয়েছেন ইসরো প্রধান ভি নারায়ণন। চন্দ্রযান ৩-এর সাফল্যের পরে চন্দ্রযান-৪ অভিযানের জন্য গত বছরেই অনুমোদন দিয়েছে কেন্দ্র। সব ঠিক থাকলে ২০২৭ সালে সেটি উৎক্ষেপণ করা হতে পারে। এর মধ্যেই চন্দ্রযান ৫-এর জন্যও ইসরোকে প্রয়োজনীয় ছাড়পত্র দিয়ে রাখল কেন্দ্র। মহাকাশ গবেষণায় নয়া মাইল ফলকের জন্য তৈরি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সোমবার ইসরো প্রধান ভি নারায়ণন জানান, চন্দ্রযান ৫-এর জন্য কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র মিলেছে।

চন্দ্রযান ৩-এর সাফল্যে ইতিহাস তৈরি করেছে ভারত। ভারতের মহাকাশ গবেষণা এবং চন্দ্রাভিযানে অন্যতম বড় সাফল্য এসেছে চন্দ্রযান ৩-এর হাত ধরে। ২০২৩ সালের ২৩ আগস্ট, চাঁদের মাটিতে পা রেখেছিল তৃতীয় চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। পাখির পালকের মতো অবতরণ করেছে ল্যান্ডারটি, যা এর আগে কেউ কখনও করতে পারেনি। চন্দ্রপৃষ্ঠের গবেষণার জন্য প্রথমবার ২০০৮ সালে অভিযান চালায় ইসরো। চন্দ্রযান ১-এর ওই অভিযানে চাঁদের রাসায়নিক, খনিজ এবং আলো-ভূতাত্ত্বিক ম্যাপিং করা হয়। সফল না-হলেও চন্দ্রযান ২-এর উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা থেকে প্রচুর ছবি পাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা। এর পর চন্দ্রযান ৩-এর ঐতিহাসিক সাফল্য সকলের জানা। চাঁদে অনুসন্ধান ও প্রয়োজনীয় পরীক্ষানিরিক্ষার জন্য রোভার প্রজ্ঞান-কে চন্দ্রযান-৩-এর সঙ্গে পাঠিয়েছিল ইসরো। সংস্থা সূত্রে জানা গিয়েছিল, সেই প্রজ্ঞান-এর ওজন প্রায় ২৫ কেজি।

কিন্তু চন্দ্রযান-৫ অভিযানে এই রোভারের ওজন বাড়তে চলেছে প্রায় ১০ গুণ। আড়াইশো কেজির রোভার নিয়ে এবার চাঁদে যাবে চন্দ্রযান-৫। এই নতুন অভিযান নিয়ে ইসরোর প্রধান ভি নারায়ণন জানিয়েছেন, মাত্র তিনদিন আগেই কেন্দ্রের থেকে চন্দ্রযান-৫ অভিযানের অনুমোদন মিলেছে। জাপানের মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগেই এই অভিযানের কাজ শুরু করতে চলেছে ইসরো।

About Post Author