সময় কলকাতা ডেস্ক:- রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করার দাবি দীর্ঘ ১১ বছর ধরে। এই দাবি তুলেছেন টিএমসিপি ছাড়া রাজ্যের সবকটি ছাত্র সংগঠনের নেতারা। কবে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে, তা জানতে চাইছেন সকলেই। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। চলতি বছরেই রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাবনা আছে বলেও জানিয়েছেন তিনি। যদিও তাঁর এই বক্তব্যে কার্যত কোন গুরুত্ব নেই। রাজ্যে কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি পঞ্চায়েত পুরসভা গুলিতে কবে কখন নির্বাচন হবে সে বিষয়ে একমাত্র সিদ্ধান্ত গ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ব্রাত্য বসু কি বললেন সেটাতেই গুরুত্ব দিতে নারাজ ছাত্র সংগঠনগুলি। এ বিষয়ে তাঁরা মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছেন।
বোলপুরে পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষক অ্যাসোসিয়েশনের ৪১ তম বার্ষিক সভার উদ্বোধন করতে এসেছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চলতি বছরে নির্বাচনের ভাবনার কথা জানিয়েছেন তিনি। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই দাবিতে বিক্ষোভের মুখে পড়েছিলেন ব্রাত্য বসু।
রাজ্যে ২০১১ সালে রাজনৈতিক পরিবর্তনের পর ধীরে ধীরে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়া হয়। রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয় গুলিতে একচেটিয়ে শাসকদলের ছাত্র সংগঠন দাপিয়ে বেড়াচ্ছে এই মুহূর্তে। এই জন্য রাজ্যের শাসক দলকেই দায়ী করেছে বিরোধী দলের নেতারা। তাঁদের দাবি, কলেজ-বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হলে শাসক দল হেরে যাবে তা জেনেই ছাত্র সংসদ নির্বাচন করাতে আগ্রহী নয় রাজ্য সরকার।
অন্য দিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে সরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অবসর নেওয়ার ঠিক আগে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার পরেই গত ডিসেম্বর মাসে ওই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। সমাবর্তনের খরচ হওয়া টাকা বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ভাস্কর গুপ্তকে। এ নিয়েও প্রশ্ন তুলেছেন ব্রাত্য বসু। ভারপ্রাপ্ত উপাচার্যর পদ থেকে সরিয়ে দেওয়ার পরে কেন ওই টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
দেগঙ্গায় জিতবেন কে? বিদেশ নাকি মিন্টু সাহাজি?
Opinion Poll (সমীক্ষা): বঙ্গে কি চতুর্থবার মমতা, অসমে কি আবার হেমন্ত বিশ্বশর্মা! বঙ্গ ও অন্য রাজ্যের ভোটের ফলের ভবিষ্যৎবাণী কী?