Home » সব বিপ্লব শেষ! গত ১৫ মাসে ৪০০ সদস্য খুইয়ে কেন্দ্রের কাছে ‘শান্তি প্রস্তাব’ মাওবাদীদের, বাহিনীর অভিযান বন্ধ রাখার আর্জি মাওবাদীদের

সব বিপ্লব শেষ! গত ১৫ মাসে ৪০০ সদস্য খুইয়ে কেন্দ্রের কাছে ‘শান্তি প্রস্তাব’ মাওবাদীদের, বাহিনীর অভিযান বন্ধ রাখার আর্জি মাওবাদীদের

সময় কলকাতা ডেস্ক:- ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করতে হবে। সেই লক্ষ্যে লাগাতার অভিযানের জেরে গত ১৫ মাসে ৪০০-এর বেশি মাওবাদী জঙ্গি খতম হয়েছে। কার্যত ছিন্নভিন্ন হয়ে গিয়েছে সংগঠন। একাধিক শীর্ষ নেতৃত্ব খতম। এহেন পরিস্থিতিতে এবার মাথানত করল মাওবাদী সন্ত্রাসীরা। কেন্দ্র ও রাজ্যের উদ্দেশ্যে বিবৃতি জারি করে মাওবাদীদের সেন্ট্রাল কমিটির তরফে জানানো হল, ‘অভিযান বন্ধ করুন, আমরা যুদ্ধবিরতিতে রাজি।’ শুধু তাই নয়, অভিযান বন্ধ করলে কেন্দ্র ও রাজ্যের সঙ্গে শান্তি আলোচনায় বসতেও রাজি হয়েছে মাওবাদীরা, এমনটাই খবর প্রশাসন সূত্রে। আগামী ৫ এপ্রিল বস্তার সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর আগেই শান্তি লক্ষ্যে আলোচনার এই প্রস্তাব দিলেন মাওবাদী নেতা অভয়,যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পাশাপাশি এটা কোন নাশকতা চালানোর নতুন ছক কিনা সে বিষয়েও যথেষ্ট সতর্ক নিরাপত্তা বাহিনী।

২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদীমুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ছত্তিশগড়ে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মাওবিরোধী অভিযান আরও গতি পেয়েছে। ২০২৪ সালে বস্তার অঞ্চলে নিরাপত্তাবাহিনীর অভিযানে মৃত্যু হয়েছে ২৮৭ জন মাওবাদীর। গ্রেপ্তার হয়েছে হাজারেরও বেশি, পাশাপাশি আত্মসমর্পণ করেন ৮৩৭ জন। এরপর চলতি বছরে মাত্র ৩ মাসে এখনও পর্যন্ত ১৩০ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। শুধুমাত্র বস্তার রেঞ্জে সংখ্যাটা ১১০। মৃত মাওবাদীদের মধ্যে ‘মাথার দাম’ রয়েছে এমন বহু শীর্ষ স্থানীয় কমান্ডার নিকেশ হয়েছে। মাও অধ্যুষিত জেলার সংখ্যা ১২ থেকে কমে দাঁড়িয়েছে ৬। মনে করা হচ্ছে কার্যত কোমর ভেঙে যাওয়ার পর এবার সরকারকে অভিযান বন্ধ করার আর্জি জানিয়ে শান্তি আলোচনার প্রস্তাব দিল মাওবাদীরা।

মাওবাদী নেতা অভয়ের তরফে তেলেগু ভাষায় এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, গত ২৪ মার্চ হায়দরাবাদে তাদের একটি কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ সদস্যই কোনও শর্ত ছাড়া সরকারের সঙ্গে শান্তি আলোচনা ও যুদ্ধবিরতির পক্ষে মত দিয়েছেন। বলা হয়েছে, “মানুষের স্বার্থে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব রাখছি। আমাদের দাবি, ছত্তিশগড়, মহারাষ্ট্র, ওড়িশা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানায় অভিযান বন্ধ করা হোক। নিরাপত্তাবাহিনীর জন্য যে নতুন ক্যাম্প তৈরি করা হচ্ছে তা বন্ধ করা হোক। সরকার যদি আমাদের প্রস্তাবে সাড়া দেয় তাহলে আমরাও যুদ্ধবিরতিতে রাজি।” যদিও মাওবাদীদের শান্তি আলোচনার প্রস্তাব এই প্রথমবার নয়, ২০২১ সালেও একবার এই প্রস্তাব দেয় মাওবাদীরা। তবে তাতে এমন কিছু শর্ত দেওয়া হয়েছিল যা মানতে রাজি হয়নি সরকার।

About Post Author