Home » তীব্র বিরোধিতার মধ্যে লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল, বিলের বিরোধিতায় কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলি

তীব্র বিরোধিতার মধ্যে লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল, বিলের বিরোধিতায় কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলি

সময় কলকাতা ডেস্ক:- ভোট রাজনীতির বিরোধিতার মধ্যেই লোকসভায় পেশ হল ওয়াকফ সংশোধনী বিল। বিল পেশ করলেন বিজেপি সরকারের সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। সংসদে আলোচনায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে লোকসভার বাইরে বিক্ষোভ দেখায় তৃণমূল-কংগ্রেস সাংসদরা। বিলের বিরোধিতায় বক্তব্য রাখেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

বুধবার মন্ত্রী কিরেন রিজিজু দাবি করলেন, ওয়াকফ বোর্ডে স্বচ্ছতা আনতেই এই বিল। স্বাধীনতার পর ওয়াকফ বিল অসাংবিধানিক মনে না হলে, এখন কেন মনে হচ্ছে, সেই নিয়ে বিরোধীদের বেঁধেন রিজিজু। নিজের ভাষণে তিনি বলেন, “আমরা আজ বিল সংশোধন না করলে যে সংসদে আমরা বসে আছি, তাও ওয়াকফ বোর্ড নিজেদের সম্পত্তি বলে দাবি করছিল।” আরও দাবি করেন, “সরকার কোনও ধর্মীয় সংগঠন বা তাদের কাজকর্মে হস্তক্ষেপ করছে না। কোনও মসজিদের সম্পত্তিতে হস্তক্ষেপ করছি না আমরা। ওয়াকফ বোর্ডের সঙ্গে ধর্মের কোনও যোগ নেই, সম্পত্তি সংক্রান্ত বিষয় এটি।” তিনি আরও বলেন, “মুসলমানদের ভালোর জন্য ওয়াকফ সংশোধনী বিল।”

এর আগে গত ৮ আগস্ট লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। বিলটি অসাংবিধানিক এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপকারী বলে একযোগে আপত্তি জানান বিরোধীরা। কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীদের অভিযোগ করেন, ৪৪টি সংশোধনী এনে ওয়াকফ বোর্ডের উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে নরেন্দ্র মোদি সরকার। এরপর ঐক্যমতের লক্ষ্যে বিলটি জেপিসির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র।

কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সমাজবাদী পার্টি, এনসিপি, বাম দলগুলি ছাড়াও বিরোধী শিবিরের প্রায় সব দল সম্মিলিতভাবে এই বিলের বিরোধিতা করছে। আজ সংসদে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আলোচনা চলছে ৮ ঘণ্টা। উল্লেখ্য, রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ হতে পারে বৃহস্পতিবার।

About Post Author