সময় কলকাতা ডেস্ক:- আইপিএলের টিকিট বিক্রিতে গ্রাহকদের থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠল কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে। বাড়তি টাকা নেওয়ার অভিযোগ করছেন জেলা ক্রীড়া সংস্থার এক্সিকিউটিভ কমিটির অন্য সদস্যরা। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ক্রীড়া সংস্থার অন্দরে।
সমস্ত অভিযোগ অস্বীকার করে ক্রীড়া সংস্থার সম্পাদক সুব্রত দত্ত জানিয়েছেন, ‘জেলা ক্রীড়া সংস্থার আয় বলতে কিছুই নেই। ২০০–৫০০ টাকা অতিরিক্ত যা নেওয়া হয়েছে তার জন্য রসিদ কেটে দেওয়া হচ্ছে। এই টাকা জেলা ক্রীড়া সংস্থার উন্নয়নেই খরচা করা হবে। এটা নতুন কিছু নয়। দীর্ঘ কয়েক বছর ধরেই এই কাজ হয়ে আসছে।
এদিকে ক্রীড়া সংস্থার এক্সিকিউটি কমিটির সদস্য সমীর ঘোষ অভিযোগ করেন, ‘সম্পাদক সুব্রত দত্ত আইপিএলের টিকিট বিক্রির নামে কাটমানি নিচ্ছেন। কমিটিতে কোনওরকম রেজুলেশন নেওয়া হয়নি এর জন্য। কোথাও কোন সার্কুলার নেই।’ এই অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি নিয়ে শীঘ্রই জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলাশাসকের নজরে আনা হবে বলে জানান তিনি।
টিকিটের দাম দু’হাজার টাকা করে হলেও আড়াই হাজার টাকা করে নেওয়া হয়েছে বলে সমীরবাবুর অভিযোগ। তিনি বলেন, ‘প্রথমে বিষয়টি জানিনি। ভেবেছিলাম, টিকিটের দাম আড়াই হাজার টাকা। যখন ক্রীড়া সংস্থার সম্পাদক সুব্রত জানান, অতিরিক্ত টাকার জন্য ডোনেশন কুপন দেওয়া হবে, তখন বিষয়টি জানলাম।’ তাঁর প্রশ্ন, অতিরিক্ত টাকা কেন দেব। কোচবিহারের মতো মফঃস্বল শহর থেকে মানুষজন যাতে আরও মাঠমুখী হন তার জন্যই আইপিএলের ট্রফি এই শহরে নিয়ে আসা হয়েছিল। সেখানে এ ভাবে বেশি টাকা নেওয়াটা কোনও ভাবেই উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
বর্তমানে গোটা দেশে আইপিএল জ্বর চলছে। প্রিয় দলের খেলা দেখতে টিকিটের জোগাড় করতে হিমসিম খাচ্ছেন ক্রীড়াপ্রেমীরা। কোচবিহার জেলা ক্রীড়া সংস্থা সিএবির সদস্য হিসেবে একটি নির্দিষ্ট কোটার টিকিট পাচ্ছে। আর সেই টিকিট বিক্রিতে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ করছেন সংস্থার এক্সিকিউটিভ কমিটির সদস্য থেকে শুরু করে সাধারণ ক্রীড়াপ্রেমীরা।


More Stories
নেপো কিড নই, আবার দেখা হবে – সাসপেন্ড হয়ে আর কী বললেন ঋজু দত্ত
শুভেন্দু মুখ্যমন্ত্রী , আর কী ঘোষণা অমিত শাহের?
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?