সময় কলকাতা ডেস্ক:- ২৬/১১, ভারতের ইতিহাসে এক কালো মুহূর্ত। বাণিজ্য নগরী মুম্বাই শুধু নয় গোটা দেশ রক্তাক্ত হয়েছিল জঙ্গি হামলায়। মুম্বই জঙ্গি হামালর সেই মাস্টারমাইন্ড তাহাউর রানাকে বুধবারই ভারতের হতে তুলে দেওয়া হতে পারে। প্রত্যর্পণে স্থগিতাদেশ চেয়ে আমেরিকার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল তাহাউর। তার আর্জি খারিজ করেছে মার্কিন শীর্ষ আদালত। তার পরই ভারতের একাধিক এজেন্সির প্রতিনিধিদের একটি দল আমেরিকা পৌঁছে যায় বলে সূত্রের খবর। সেই দলই বুধবার ভারতে ফেরাবে তাহাউর রানাকে। জানা গিয়েছে, মার্কিন প্রশাসনের সঙ্গে শেষ মুহূর্তের ফর্মালিটি পূরণ করছে ভারতের এই প্রতিনিধি দল।
বর্তমানে লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রয়েছে তাহাউর। ২০১৮ সালের অগস্ট মাসে তাহাউরকে গ্রেপ্তার করার জন্য ওয়ারেন্ট জারি করেছিল ভারত। অবশেষে এল সেই কূটনৈতিক জয়।
মার্কিন সর্বোচ্চ আদালতে তাহাউর জানিয়েছিল, সে পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম হওয়ায়, ভারতের কারাগারে তার উপর নির্যাতন করা হতে পারে। এই আশঙ্কা প্রকাশ করেই প্রত্যর্পণে স্থগিতাদেশ চেয়েছিল সে। তাহাউর রানার আইনজীবী তার শারীরিক অসুস্থতার অজুহাতও দিয়েছিলেন। ২০২৪ সালের জুলাই মাসের মেডিক্যাল রিপোর্ট দেখিয়ে উল্লেখ করা হয়, তাহাউর একাধিক প্রাণঘাতী রোগে আক্রান্ত। তার একাধিকবার হার্ট অ্যাটাক হয়েছে। এ ছাড়াও ব্ল্যাডার ক্যানসার এবং কিডনির অসুখের থার্ড স্টেজে রয়েছে বলেও জানানো হয় সুপ্রিম কোর্টে। তবে কোনও অজুহাতেই আমল দেয়নি মার্কিন শীর্ষ আদালত।
গত ফেব্রুয়ারি মাসে আমেরিকা সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিচারের জন্য তাহাউরকে ভারতের হাতে তুলে দিতে তাঁদের কোনও আপত্তি নেই বলে তখনই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরই তাকে ভারতের প্রত্যর্পণ করার আদেশে স্থগিত রাখতে চেয়ে আমেরিকার আদালতে আবেদন করেছিল এই পাকিস্তানি বংশোদ্ভূত ক্যানাডার ব্যবসায়ী।
তাহাউর রানার ভারতে প্রত্যর্পণ এখন কেবল সময়ের অপেক্ষা। বুধবার যে কোনও মুহূর্তে ভারতে নিয়ে আসা হবে তাকে। সূত্রের খবর, তাহাউর রানাকে হাই সিকিউরিটি কোনও জেলে রাখা হবে। ইতিমধ্যেই দিল্লির তিহাড় এবং মুম্বইয়ের আর্থার রোড জেলে তার প্রস্তুতি চলছে। দুই জেল কর্তৃপক্ষকেই অ্যালার্ট করা হয়েছে। এ দিকে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) তাহাউর রানার মামলা মুম্বই থেকে দিল্লিতে স্থানান্তরিত করার আবেদন জানিয়েছে। ভারতে পা রাখার পরই মুম্বই হামলার এই মূলচক্রীকে হেফাজতে নেওয়ার আবেদনও জানাবে এনআইএ।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?