Home » ৯৫০০০ টাকা ছাড়াল সোনার দাম, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

৯৫০০০ টাকা ছাড়াল সোনার দাম, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

সময় কলকাতা ডেস্ক:- সামনেই বিয়ের মরসুম, বাড়তে বাড়তে হলুদ ধাতুর দাম নতুন রেকর্ড গড়ল। প্রতি ১০ গ্রাম সোনার দাম একদিনে বাড়ল প্রায় ১৮০০ টাকা। প্রতি কেজি রুপোর দামও বেড়েছে ২ হাজার টাকার বেশি। এর জেরে কলকাতা-সহ দেশের বাজারে প্রতি ১০ গ্রাম পাকা সোনার দাম কর বাদ দিয়েই ৯৫ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। গয়না সোনা ও মেকিং চার্জ এবং জিএসটি বাদে ৯১ হাজারের দোরগোড়ায় দাঁড়িয়ে। ট্রাম্প শুল্কের জেরে বিশ্ববাজারে অনিশ্চিত পরিস্থিতির মধ্যেই সোনার দাম বৃদ্ধি লগ্নিকারীদের চিন্তাও বাড়াচ্ছে।

কর যোগ করলে দেশের বাজারে পাকা সোনার দাম সাড়ে ৯৮ হাজার টাকা ছাড়িয়ে যাচ্ছে। ২২ ক্যারাটের গয়না সোনার দাম কর যোগ করে সাড়ে ৯৬ হাজার ছাড়াচ্ছে। মেকিং চার্জ যোগ হলে তা আরও কিছু বাড়বে। অন্য দিকে রুপোর দাম কর যোগ করে ফের ১ লক্ষ টাকা ছাড়াল।

বৃহস্পতিবার কলকাতার বাজারে সোনার দর: (কর বাদে)

পাকা সোনা বার (২৪ ক্যারাট): ৯৫ হাজার ২৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)

পাকা সোনা বার (খুচরো): ৯৫ হাজার ৭০০ টাকা (প্রতি ১০ গ্রাম)

হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): ৯০ হাজার ৯৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)

রুপো (খুচরো): ৯৭ হাজার ৬০০ টাকা (প্রতি কেজি)

মধ্যবিত্ত থেকে স্বর্ণব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে বেড়েই চলেছে সোনার দাম। বাজারে গেলে এই দরেই আপনি সোনা কিনতে পারবেন না। এই দরের থেকে কিছুটা বেশি খরচ হবে। কারণ এই দরের সঙ্গে যোগ হবে জিএসটি এবং গয়না তৈরির মজুরি। জিএসটি ৩ শতাংশ নির্দিষ্ট হলেও বিপণি ভেদে এই মজুরি আলাদা হবে।

About Post Author