সময় কলকাতা ডেস্ক:- পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গের এক মহিলা দন্ত চিকিৎসককে গ্রেপ্তার করল মুম্বাই পুলিশ। দুদিন আগে মুম্বাই পুলিশ পশ্চিমবঙ্গে এসে উত্তরপাড়া থানার পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে ওই মহিলা দন্ত চিকিৎসককে গ্রেফতার করেছে। ওই মহিলা দন্ত চিকিৎসকের নাম রেশমা ব্যানার্জি।রেশমার কাছ থেকে একটি দু বছরের ছেলে এবং তিন বছরের মেয়েকে উদ্ধার করেছে পুলিশ।
দু বছরের ছেলেটি মুম্বাইয়ের বাসিন্দা। ছেলেটির দিদিমা প্রথম মুম্বাইয়ের ওয়াদালা ট্রাক টার্মিনাল পুলিশ স্টেশনে ছেলেটির নিখোঁজ হওয়ার ব্যাপারে অভিযোগ দায়ের করেন। ছেলেটিকে খুঁজতে নেমে পুলিশ শেষ পর্যন্ত আবিষ্কার করে ছেলেটির নিজের বাবা ছেলেটিকে পশ্চিমবঙ্গের এই দন্ত চিকিৎসকের কাছে বিক্রি করে দিয়েছে। অভিযুক্ত দন্ত চিকিৎসক রেশমা তখন ভুবনেশ্বরে একটি হসপিটালে কাজ করছিলেন। কিন্তু পুলিশ ভুবনেশ্বরে গিয়ে বুঝতে পারে যে রেশমা সেখানকার কাজ ছেড়ে দিয়ে গা ঢাকা দিয়েছে।
কিন্তু শেষ রক্ষা হল না রেশমার। বিভিন্ন সূত্র ধরে খোঁজ করতে করতে উত্তরপাড়া থানা থেকে রেশমাকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ওই বাচ্চাটি ছাড়াও একটি নাবালিকা বাচ্চা মেয়েকে উদ্ধার করা হয়েছে। বাচ্চা ছেলেটির উপর শারীরিক নির্যাতনের চিহ্ন থাকায় অপহরণ ছাড়াও রেশমার বিরুদ্ধে শিশু নির্যাতন আইনের আওতায় অভিযোগ আনা হয়েছে। মুম্বাই পুলিশ শনিবার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে বিষয়টি।
অপহৃত ছেলেটির বাবাকেও ইতিমধ্যে ধরেছে পুলিশ। ছেলেটির বাবা জানিয়েছে, ১ লক্ষ ৬০ হাজার টাকায় সে তার বাচ্চাকে ওই মহিলা চিকিৎসকের কাছে বিক্রি করে দিয়েছিল। মুম্বাই পুলিশের ধারণা আন্ত:রাজ্য শিশু পাচার চক্রের সঙ্গে পুরো ঘটনাটি জড়িত।
একজন মহিলা চিকিৎসক এই ধরনের ঘটনায় জড়িত থাকায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য দেখা দিয়েছে সমাজে। পুলিশ পুরো বিষয়টি বিশদে তদন্ত করছে বলে জানিয়েছে। বাচ্চা মেয়েটির বাবা মাকে এখনও অবধি খুঁজে না পাওয়ায় তাকে আপাতত একটি অনাথ শিশুদের শেল্টারে রাখা হয়েছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?