সময় কলকাতা ডেস্ক:- নিজের বাড়িতেই রহস্যজনকভাবে খুন হয়ে গিয়েছেন কর্ণাটক পুলিশের প্রাক্তন ডিজি ওম প্রকাশ। রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ এই ঘটনার কথা জানতে পারে পুলিশ। ডিজি ওম প্রকাশকে তার স্ত্রী পল্লবী খুন করেছে, এটা নিশ্চিত হতে পুলিশ গ্রেফতার করেছে পল্লবীকে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পল্লবী মনোরোগে আক্রান্ত।
জানা গেছে, এর আগেও পল্লবী ওম প্রকাশকে খুন করবার হুমকি দিয়েছিল। ওম প্রকাশ একবার বাড়ি ছেড়ে তার নিজের বোনের বাড়িও চলে গিয়েছিলেন থাকবার জন্য। কিন্তু পরে ওম প্রকাশের মেয়ে কীর্তি গিয়ে তাকে বাড়িতে ফেরত আনে।
ঘটনার যা সম্ভাব্য বিবরণ পাওয়া যাচ্ছে, তাতে পুলিশের অনুমান, ওম প্রকাশ তার বাড়িতে রবিবার বেলা দুটো থেকে তিনটের মধ্যে যখন খেতে বসেছিলেন তখন কোনও তর্কাতর্কির পরিণতিতে, পল্লবী পিছন থেকে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ওম প্রকাশের উপর এবং এরপর তাকে পরপর ছুরি দিয়ে আঘাত করতে থাকে। আক্রান্ত প্রকাশ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পল্লবী একটি কম্বল দিয়ে তাকে চাপা দিয়ে মাটিতে ফেলে দেয়।
পুলিশ সূত্রে খবর, সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পর পল্লবী তার এক বান্ধবীকে ভিডিও কল করে বলে, আমি দৈত্যটাকে মেরে ফেলেছি। সেই বান্ধবী সাথে সাথে পুলিশকে ফোন করে সবটা বলেন। যদিও তার আগেই নাকি পল্লবী নিজেই পুলিশকে ফোন করে খবর দিয়ে দিয়েছিল।
উল্লেখ্য, প্রকাশকে খুন করার পর পল্লবী তিন তলার ঘরে নিজের মেয়েকে নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিল। পল্লবী ও প্রকাশের মেয়ে কীর্তিও ঘটনাস্থলে ছিল। সুতরাং, এই ঘটনায় কীর্তির ভূমিকা ঠিক কি সেটাও খতিয়ে দেখবার চেষ্টা করছে কর্ণাটক পুলিশ।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!