Home » কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু মিছিল। শোকপ্রকাশ মমতা-অভিষেকের। হামলার ঘটনায় সরব রাহুল-খাড়গে।

কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু মিছিল। শোকপ্রকাশ মমতা-অভিষেকের। হামলার ঘটনায় সরব রাহুল-খাড়গে।

সময় কলকাতা ডেস্ক:- মঙ্গলবার ভয়াবহ জঙ্গি হামলায় জম্মু-কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ে নিহত প্রায় ২৫ জনের বেশি পর্যটক। গুরুতর জখম আরও অনেকে। শান্তিপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এমন ভয়াবহ জঙ্গি হামলায় শোকস্তব্ধ গোটা দেশ। ঘটনায় গভীর শোক প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি সহ অনেকেই।

টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, নৃশংস জঙ্গি হামলায় তিনি গভীরভাবে মর্মাহত। জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের কঠোরতম শাস্তির দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, দোষীরা কেউ যেন রেহাই না পেয়ে যায়। ঘটনার তীব্র নিন্দা করে মোদি সরকারের দিকে আঙুল তুলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, পহেলগাঁওয়ের ঘটনা এই সরকারের প্রতিশ্রুতি পূরণের ব্যর্থতা-ই তুলে ধরেছে। কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে।

মঙ্গলবার সন্ধেয় এ ব্যাপারে মোদি সরকারকে তুলোধনা করেছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তাঁর কথায়, কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে— বলে যে দাবি করে সরকার তা ফাঁপা। এর দায় সরকারকে নিতে হবে। ঘটনায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে আরও এক ধাপ এগিয়ে বলেন, এই কাপুরুষোচিত হামলা মানবতার কলঙ্ক। দেশের নিরাপত্তা সবার উপরে। সীমান্ত পেরিয়ে সন্ত্রাসের মোকাবিলায় কেন্দ্র সরকারকে অবিলম্বে সংশোধনমূলক ব্যবস্থা নিতে হবে।

ইতিমধ্যেই, নিরাপত্তা বাহিনীর তরফে অভিযান শুরু হয়েছে। উপত্যকায় আরও জোরদার করা হয়েছে নজরদারি। ঘটনার পরেই শ্রীনগর পৌছেই বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হামলার তীব্র নিন্দা করে বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই আরও কঠোর হবে। হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ জানিয়ে দেন, এই হামলার সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না। পুলওয়ামার পর এটাই ভারতের বুকে ঘটে যাওয়া সবচেয়ে বড় জঙ্গি হামলা। অন্তত মৃতের সংখ্যার নিরিখে। পুলওয়ামা যেমন গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছিল, এই ঘটনার ভয়াবহতাও কোনও অংশে কম নয়।

এই মুহূর্তে পহেলগাঁওয়ের পরিস্থিতি কী? কীভাবে হামলা হল? গোয়েন্দা সূত্রে কোনও খবর ছিল কিনা? এমন নানা প্রশ্ন উঠে আসছে এই ঘটনার পর থেকে।

About Post Author