Home » হোটেলে আটকে বহু, বাড়ি ফেরা কবে জানে না অনেকেই

হোটেলে আটকে বহু, বাড়ি ফেরা কবে জানে না অনেকেই

সময় কলকাতা ডেস্ক:- ভ্রমণপ্রিয় বাঙালির পছন্দের জায়গা কাশ্মীর। তিনটে জায়গা ঘুরলেও পহেলগাম সেই তালিকায় থাকবেই। ছুটির মরশুমে এ রাজ্যের বহু মানুষ বেড়াতে গিয়েছিলেন সেখানে। তাঁদের কেউ আটকে পড়েছেন পহেলগামে। কেউ ঢুকতে না পেরে চলে গিয়েছেন অন্যত্র। এদিকে বাড়িতে উৎকণ্ঠা বাড়ছে পরিবারের। বুধবার অনন্তনাগ থেকে কাটরার পথে প্রায় সব দোকানপাট বন্ধ। রাস্তায় সেনাবাহিনীর কড়া নজরদারি।

ভূস্বর্গ দেখে চোখ সার্থক করতে গিয়ে যে এমন ভয়াবহ অভিজ্ঞতা হবে, তা ভাবতেই পারছেন না হাওড়ার উলুবেড়িয়ার বাসিন্দা গোপাল ঘোষাল। গত ১৫ এপ্রিল ৫৫ জনের সঙ্গে সপরিবারে কাশ্মীর গিয়েছিলেন গোপাল। মঙ্গলবার দুপুরে পহেলগাম পৌঁছনোর কথা ছিল। কিন্তু, রাস্তাতেই বিকেল নামে। ততক্ষণে সেখানে ঘটে গিয়েছে নারকীয় হত্যালীলা। তাই পহেলগামে আর ঢুকতে দেওয়া হয়নি তাঁদের। ৫০০ মিটার দূর থেকে ফিরতে হয়েছে। গোপাল জানিয়েছেন, মঙ্গলবারের রাত অনন্তনাগের একটি হোটেলে কাটিয়ে বুধবার সকালেই কাটরায় রওনা দেন। তিনি বলেন, ‘ভাগ্যের জোরে বেঁচে গিয়েছি। দুপুরে পহেলগামে পৌঁছলে বিকেলে আমরাও তো অকুস্থলে থাকতে পারতাম।’

‘জঙ্গি হামলার পরে পুরোটাই ঘেঁটে গিয়েছে। অনেকেরই আজকালের মধ্যে ফিরে আসার কথা ছিল। কিন্তু এখন কী ভাবে ফিরবেন, পুরোটাই অনিশ্চিত।’ কোলাঘাটের যোগেন্দ্র বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা দেবলীনা রাজ পণ্ডিত বুধবার একটি অডিয়ো বার্তায় বলেন, ‘পহেলগাম থেকে কোনওরকমে শ্রীনগরে পৌঁছেছি। কাল ফ্লাইট ছিল। দাদাকে দিয়ে আজ রাতের টিকিট কাটিয়েছি। পহেলগামের অবস্থা ভালো নয়। তবে শ্রীনগর শান্ত। বাড়ি পৌঁছতে পারলে বাঁচি।’

মঙ্গলবার শ্রীনগর থেকে দুপুরে পহেলগামে পৌঁছে হোটেলে আটকে পড়েছেন হুগলির সুজয় মুখোপাধ্যায়, জয়ন্ত সমাদ্দাররা। ১৬ এপ্রিল বন্ধুরা মিলে কাশ্মীরে যান। ২৮ তারিখ ফেরার কথা। অকুস্থল থেকে কিছুটা দূরেই তাঁদের হোটেল। তবে পরিস্থিতি এখন থমথমে। পহেলগামের হোটেলগুলিতে যাঁরা রয়েছেন, তাঁদের হোটেল থেকে বেরোতে দিচ্ছেন না সেনাবাহিনী। রাস্তায় শুধু ভারী বুটের শব্দ। হোটেল থেকে বেরোতে দেওয়া হচ্ছে না সুজয়, জয়ন্তদেরও। চিন্তা, বাড়ি ফিরবেন কী ভাবে? হোটেলের জানলা থেকে উঁকিঝুঁকি দিয়ে কিছুটা পরিস্থিতি আন্দাজ করার চেষ্টা করছেন। হোটেলের কর্মীদের জিজ্ঞাসা করলেও তাঁরা কোনও উত্তর দিতে পারছেন না।

About Post Author