Home » সিন্ধু জল চুক্তি বাতিলের পাল্টা ! ‘যুদ্ধের ইঙ্গিত’ দিয়ে সিমলা চুক্তি বাতিল পাকিস্তানের

সিন্ধু জল চুক্তি বাতিলের পাল্টা ! ‘যুদ্ধের ইঙ্গিত’ দিয়ে সিমলা চুক্তি বাতিল পাকিস্তানের

সময় কলকাতা ডেস্ক:- পহলগাঁওয়ের ঘটনায় ভীত-সন্ত্রস্ত পাকিস্তান বৃহস্পতিবার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে বসে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পৌরোহিত্যে হওয়া প্রায় আড়াই ঘণ্টার বৈঠকের পর জানানো হয়, ভারত যে যে পদক্ষেপ করেছে তার জবাবে তারাও বাণিজ্য সম্পর্ক সহ আকাশপথ বন্ধ করে দেবে।

সেই মতো, ভারতের সিন্ধু জল চুক্তি বাতিলের পাল্টা দিল পাকিস্তান। বৃহস্পতিবার ইসলামাদের তরফে জানানো হয়, ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করা হল। সিমলা চুক্তি-সহ অন্যান্য বাণিজ্যিক চুক্তিও বাতিল করা হল। ভারতীয় বিমানগুলিকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সেই সঙ্গে ভারতীয়দের পাকিস্তানে যাওয়ার সমস্ত ভিসা বাতিল করা হয়েছে। তবে শিখ পুণ্যার্থীদের জন্য বিশেষ ছাড় দেবে পাক প্রশাসন।

পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার পরেই বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে এই বৈঠক চলে প্রায় আড়াই ঘণ্টা ধরে। তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশসচিব বিক্রম মিশ্রি বলেন, সিন্ধু জলচুক্তি বাতিল করছে ভারত। এছাড়াও অবিলম্বে বন্ধ করা হবে ওয়াঘা-আটারি সীমান্ত। পাকিস্তানিদের ভিসা বাতিল করা হবে এবং বর্তমানে যেসব পাকিস্তানিরা ভারতে রয়েছেন তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভার‍ত ছাড়তে হবে। এছাড়াও ভারত এবং পাকিস্তান-দুই দেশের হাই কমিশন থেকেই সরিয়ে নেওয়া হবে সামরিক পরামর্শদাতাদের।

ভারতের এই সিদ্ধান্তের পাল্টা দিতে বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠকে বসেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ভারতের পথে হেঁটেই বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। ওয়াঘা সীমান্ত বন্ধ, ভারতীয়দের জন্য পাক ভিসা বাতিল, হাইকমিশনের কর্মী প্রত্যাহারের মতো সিদ্ধান্তগুলি নিয়েছে ইসলামাদ। তবে ভারত থেকে পাকিস্তানে যাওয়া শিখ পুণ্যার্থীদের ছাড় দেওয়া হবে। এছাড়াও পাকিস্তানের তরফে জানানো হয়েছে, ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্য বন্ধ করা হল। তৃতীয় কোনও দেশের মাধ্যমেও ভারত-পাকিস্তান বাণিজ্য চলবে না। সিমলা চুক্তি-সহ অন্যান্য বাণিজ্যিক চুক্তিও বাতিল করা হল। ভারত অধিকৃত বা নিয়ন্ত্রিত উড়ান সংস্থার বিমানগুলি পাক আকাশসীমায় ঢুকতে পারবে না।

ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের ‘persona non grata’ অর্থাৎ অবাঞ্ছিত বলে ঘোষণা করে ৩০ এপ্রিলের মধ্যে পাকিস্তান ছাড়তে বলা হয়েছে। ভারতীয় হাইকমিশনের কর্মী সংখ্যা কমিয়ে ৩০ জনে আনা হবে মাসের শেষে। সিন্ধু জলচুক্তি বাতিল যুদ্ধ ঘোষণার সমান, একথা বারবার মনে করিয়ে দিয়েছে পাকিস্তান।

পহলগাঁওয়ের হত্যাকাণ্ড ঘটিয়েছে টিআরএফ নামে একটি জঙ্গি গোষ্ঠী, যাদের সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই। এই দাবি করে পাকিস্তান বলেছে, এই সংগঠন ভারতেই একটি পরিচিত দল, কিন্তু ভারত বরাবরের অভ্যাসমতো পাকিস্তানের ঘাড়ে দায় চাপাচ্ছে। ভারতের অভ্যন্তরীণ সমস্যার কারণেই এই হামলা হয়েছে। পহেলগাঁও হামলায় পাকিস্তানের উপর দোষ চাপিয়ে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে ভারত, এমনটাই দাবি ইসলামাবাদের।

About Post Author