সময় কলকাতা ডেস্ক:- নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও বাসের সংঘর্ষে জখম দুই চালক, খালাসি সহ ১১ জন। ঘটনাটি ঘটে শিলিগুড়ির অদূরে সেবকের আটমাইলের কাছে ১০ নম্বর জাতীয় সড়কে। যাত্রীবোঝাই বাসটি ভক্তিনগর চেকপোস্টের বাসস্ট্যান্ড থেকে মালবাজারের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পরে স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগান। প্রথমে জখমদের শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে ছ’জনের অবস্থা বুঝে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যালে।
বাসযাত্রী সুনীল ওরাঁওয়ের কথায়, ‘শিলিগুড়ি থেকে বাগরাকোট যাচ্ছিলাম। বাসের পিছন দিকের সিটে বসেছিলাম। কী ভাবে বাসটা দুর্ঘটনার কবলে পড়ল বুঝে উঠতে পারিনি। তবে সামনের দিকে বসে থাকা যাত্রী ও ড্রাইভার জখম হয়েছেন।’
মোট ১১ জন গুরুতর ভাবে জখম হন। তাঁদের মধ্যে ছ’জন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ও পাঁচ জন শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। জাতীয় সড়কে তীব্র যানজট সৃষ্টি হলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
স্থানীয় সূত্রে খবর, সিকিম থেকে একটি খালি ট্রাক শিলিগুড়ি ফিরছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আটমাইলের কাছে ওভারটেক করার সময়ে ট্রাক ও বাসটি মুখোমুখি চলে আসে। সংঘর্ষের পরে বাসটি উল্টে যায় এবং ট্রাকটি রাস্তার এক দিকে ছিটকে পড়ে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?