Home » বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডে গ্রেফতার ২, পুলিশের জালে মালিক ও ম্যানেজার

বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডে গ্রেফতার ২, পুলিশের জালে মালিক ও ম্যানেজার

সময় কলকাতা ডেস্ক:- ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায়। আচমকা বড়বাজারের মদন মোহন মেছুয়াবাজার ফলপট্টির একটি হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরুর চেষ্টা করেন কর্মীরা। হাইড্রোলিক ল্যাডার দিয়ে ২৫ জনকে উদ্ধার করা হয়। ১৫ জনের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন হোটেলের মালিক আকাশ চাওলা। তবে, বৃহস্পতিবার ভোরে হোটেলের মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।

জানা গেছে, হোটেলে কমপক্ষে ৪২ টি ঘর ছিল। অধিকাংশতেই ছিল না জানলা। ফলে ধোঁয়ায় বাড়ে বিপত্তি। একদিকে ভিতরে থাকা আবাসিকরা আটকে পড়েন। অন্যদিকে, দমকলকর্মীদের ভিতরে প্রবেশে হিমশিম দশা হয়। প্রায় আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে অগ্নিকাণ্ডের পর থেকেই বহু প্রশ্ন উঠতে শুরু করে। মেছুয়ার হোটেলে কীভাবে আগুন লাগল? দায়ী কে? ফায়ার লাইসেন্স ছিল কি? প্রশাসনকে অন্ধকারে রেখে তৈরি হচ্ছিল বার?

জবাব খুঁজতে কলকাতার পুর কমিশনারের নেতৃত্বে ১৩ সদস্যের কমিটি গড়েছে রাজ্য। পুরসভার পাশাপাশি কমিটিতে রাখা হয়েছে দমকল এবং পুলিশের আধিকারিকদের। এসবের মাঝেই বুধবার রাতে এই ঘটনায় অভিযোগ দায়ের করে দমকল। পাশাপাশি, পুলিশও সুয়ো মোটো অভিযোগ দায়ের করে। সেই দুই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়। অগ্নিকাণ্ডের পরেই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফলতির অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, বুধবার ঘটনাস্থলে যান দমকলের ডিজি রণবীর কুমার। তিনি জানান, ওই হোটেলের ‘ফায়ার লাইসেন্স’-এর মেয়াদ শেষ হয়েছিল তিন বছর আগেই। তার পর তা আর নবীকরণ করাননি কর্তৃপক্ষ। হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলেও অগ্নিকাণ্ডের সময় তা কাজ করেনি।

About Post Author