সময় কলকাতা ডেস্ক:- পরীক্ষা শুরুর ৭০ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ। এবারও কলকাতাকে টেক্কা জেলার। মেধাতালিকায় প্রথম দশে রাজ্যের ৬৬ পড়ুয়া। একনজরে দেখে নেওয়া যাক মেধাতালিকায় কে কে রয়েছে। মাধ্যমিকে প্রথম হয়েছে আদৃত সরকার। রায়গঞ্জের করনেশন উচ্চ বিদ্যালয়ের এই ছাত্র পেয়েছে ৬৯৬। পর্ষদ সভাপতি জানিয়েছেন, এ বছর মাধ্যমিকে প্রথম দশে রয়েছে ৬৬ জন ছাত্রছাত্রী। তবে প্রথম স্থানে রয়েছে এই একজনই। যুগ্মভাবে দ্বিতীয় মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯৪। তৃতীয় স্থানে কোতুলপুর সরোজবাসিনী স্কুলের ইশানী চক্রবর্তী। তার প্রাপ্ত নম্বর ৬৯৩।
চতুর্থ নিরোল উচ্চ বিদ্যালয়ের মহম্মদ সেলিম ও কাঁথি হাইস্কুলের সুপ্রতিক মান্না। তাদের প্রাপ্ত নম্বর ৬৯২। পঞ্চম স্থানে রয়েছে চারটি নাম, গৌরহাটি হরদাস ইনস্টিটিউটের সিঞ্চন নন্দী, কামারপুকুর আর.কে.মিশন মাল্টিপারপাস স্কুলের চৌধুরী মহঃ আসিফ, ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশনের দীপ্তজিৎ ঘোষ, এবং নরেন্দ্রপুর আর কে মিশন বিদ্যালয়ের সোমতীর্থ করণ। তাদের প্রাপ্ত নম্বর ৬৯১।
এবছর মাধ্যমিকে ষষ্ঠ স্থানে রয়েছে পাঁচটি নাম। ফালাকাটা উচ্চ বিদ্যালয়ের অউঞ্চ দে, বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ের জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায়, গোরাসোলে মুরালিধর হাই স্কুলের রুদ্রনীল মাসান্তা, টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অঙ্কন মণ্ডল, সারদা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের অভ্রদীপ মণ্ডল। সকলেরই প্রাপ্ত নম্বর ৬৯০।
এবছর মাধ্যমিকে ফলাফলে সপ্তম হয়েছে পাঁচজন। তারা পেয়েছে ৬৮৯। অষ্টম স্থানে আছে ১৬ জন, সকলেই পেয়েছে ৬৮৮। তাদের মধ্যে একজন কলকাতার ছাত্রীও রয়েছেন।
বড় হয়ে ডাক্তার হতে চায় মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের করনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র অদৃত সরকার। অদৃতের কথায়, “মেধা তালিকায় ঠাঁই পাব এমনটা আশা ছিল, তবে প্রথম হব ভাবিনি।”
রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের অবন্তিকা রায় মাধ্যমিকে অষ্টম হয়ে খুব খুশি। আনন্দে গা ভাসিয়েছে সে। অবন্তিকা ভাবতেই পারছে না এই রেজাল্ট হবে তার। আশা করেছিল ভাল ফলাফলের।
নবম হয়েছে একাধিক জন। সকলেই পেয়েছে ৬৮৭। এ বছর মাধ্যমিকে পাশ করেছে ৮৬.৫৬ শতাংশ পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় সামান্য বেশি। গত বছর পাশের হার ছিল ৮৬.৩১ শতাংশ। পাশের হারে জেলার হিসেবে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। এরপর রয়েছে কালিম্পং, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর। এবার পরীক্ষা দিয়েছেন ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। গত বছরের তুলনায় এবছর ৬২ হাজারের বেশি ছাত্রছাত্রী মাধ্যমিক দিয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি