সময় কলকাতা ডেস্ক:- জাতীয় সড়কে নামছে একের পর এক যুদ্ধবিমান ও সেনা চপার। হইচই পড়ে গিয়েছে গোটা এলাকায়। ভারতীয় বায়ুসেনার এমন তৎপরতা দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা। হাঁ করে দেখছে সবাই, দেখছে গোটা দেশ। কিন্তু কোথায় লেগেছে এমন তৎপরতা? উত্তরপ্রদেশে। সেখানে রাফাল, মিরাজ ও সুখোইয়ের মতো যুদ্ধবিমান নিয়ে হাজির হয়েছে বায়ুসেনা। পাকিস্তানের বিরুদ্ধে যখন কূটনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে ভারত, সেই পরিস্থিতিতেই হঠাৎ এমন ছবি দেখে কেউ কেউ প্রশ্ন তুলছেন তবে কি যুদ্ধ লেগে গেল? না তা একদমই নয়। তবে এ যেন যুদ্ধের প্রস্তুতি।
শুক্রবার উত্তরপ্রদেশের গঙ্গা এক্সপ্রেসওয়েতে মহড়া চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা। কোনও রকম রানওয়ে ছাড়া কীভাবে দুর্গম এলাকায় নেমে পড়বে সেনার যুদ্ধবিমানগুলি তা বুঝে নিতেই এই মহড়া। ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে একসঙ্গে মিরাজ, রাফাল, সুখোই, জাগুয়ারের এই মহড়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বেনজির।
যে কোনও যুদ্ধে শত্রুপক্ষের নজর থাকে বিপক্ষের বিমানঘাঁটির দিকে। তাই এই বিকল্প ব্যবস্থার কথা অনেক আগে থেকেই ভেবে গঙ্গা এক্সপ্রেসওয়ে তৈরি করা হয়েছিল। গঙ্গা এক্সপ্রেসওয়ে হল উত্তরপ্রদেশের চতুর্থ হাইওয়ে যাতে পৃথক একটি রানওয়ে রয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে যাতে যুদ্ধবিমান ওঠানামা করতে পারে সেজন্য পৃথকভাবে সাড়ে তিন কিমি দীর্ঘ এই রানওয়ে তৈরি করা হয়েছিল।
সেখানেই শুরু হয়ে গিয়েছে জেট বিমানের উড়ান মহড়া। এটি উত্তরপ্রদেশের চতুর্থ এয়ারস্ট্রিপ সহ এক্সপ্রেসওয়ে হলেও এটিই প্রথম যেখানে রাতেও জেট বিমান ওঠানামা করতে পারবে। ওঠানামার জন্য যে বিমানগুলিকে বাছাই করা হয়েছে, সেগুলি হল- রাফাল, সুখোই-৩০, এমকেআই, মিরাজ-২০০০, মিগ-২৯, জাগুয়ার, সি-১৩০ জে সুপার হারকিউলিস, এএন-৩২ পরিবহণ বিমান এবং এমআই-১৭ হেলিকপ্টার।
শুধু জেট বিমানের মহড়াই নয়, আরব সাগরে নৌ বাহিনীও সদর্পে সক্রিয় হয়ে উঠেছে এবং স্থল বাহিনী গ্রাউন্ড অ্যাটাকের বিষয়ে নানান পরিকল্পনা নিচ্ছে বলে জানা গিয়েছে। দিন কতক আগেই আরব সাগরে সামরিক মহড়া চালিয়েছিল ভারতীয় নৌসেনা। অবশ্যই শুক্রবার উত্তরপ্রদেশে এই মহড়া দেখে পাকিস্তান বাহিনী শঙ্কিত হয়ে পড়বে। সেই ভাবেই স্নায়ুর চাপ বাড়াতে মহড়া শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ, যতক্ষণ এই উড়ান চলবে, ততক্ষণ পাকিস্তানি চর বাহিনীর নজর থাকবে শাহজাহানপুরের দিকেই। পহেলগাঁও ঘটনার পর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বিষিয়ে যাওয়ার পর থেকেই একের পর এক মহড়া শুরু করেছে ভারতীয় সেনা।


More Stories
পুলিশের জালে তৃণমূল নেত্রী, তোলা হল বারাসাত আদালতে
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?