সময় কলকাতা:- সরকারি অনুষ্ঠান হোক কিংবা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, সব মিলিয়ে সৌজন্যের এক নজির গড়লেন ঘোর কমিউনিস্ট পিনারাই বিজয়ন এবং কংগ্রেসের ডিএনএ নিয়ে জন্মানো শশী থারুর। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরলের তিরুবনন্তপুরমের কাছে গৌতম আদানির ভিঝিঞ্জাম গভীর সমুদ্র বন্দরের উদ্বোধন করেন। যৌথভাবে এই গভীর সমুদ্র বন্দরটি তৈরি করেছে আদানি পোর্টস এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল লিমিটেড।
প্রকল্পটি ভারতের প্রথম গভীর সমুদ্র বন্দর, যেখান থেকে শুধু কন্টেনার ট্রান্সশিপমেন্টের কাজ হবে। জলপথ বাণিজ্যে ৮ হাজার ৮৬৭ কোটি টাকার ভিঝিঞ্জাম বন্দর একটি নয়া পালক। যা আন্তর্জাতিক সমুদ্রপথ পণ্য সরবরাহে নয়া দিগন্ত খুলে দেবে। গত জুলাই মাসে এই বন্দরের কাজ শুরু হয়ে গিয়েছে। এ পর্যন্ত ২৫০ টি কন্টেনারবাহী জাহাজ এখান থেকে চলাচল করেছে। গভীর সমুদ্র বন্দরটি আন্তর্জাতিক শিপিং লাইনের খুব কাছে। এখানে সমুদ্রের স্বাভাবিক গভীরতা হল ২০ মিটার।
ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, বড় বড় জাহাজ এতদিন ভারতের বন্দরে ভিড়তে না পেরে কলম্বো, দুবাই ও সিঙ্গাপুরকে বেছে নিত। শুক্রবার এই বন্দরের উদ্বোধনী ভাষণে মোদি কারও নাম না করে বলেন, এই প্রকল্প দেখে অনেকের ঘুম উড়ে যাবে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং শশী থারুরকে উদ্দেশ করে বলেন, তাঁরা ইন্ডিয়া জোটের এক শরিক। তাঁরাও এখানে উপস্থিত। যা দেখে অনেকের ঘুম উড়ে যাবে।
এই বন্দরটি কংগ্রেস সাংসদ থারুরের লোকসভা কেন্দ্রের অন্তর্গত। তাই নিজের কেন্দ্রের বন্দর উদ্বোধন অনুষ্ঠানে ‘অতিথি’ মোদিকে স্বাগত জানাতে নিজেই তিরুঅনন্তপুরমের বিমানবন্দরে হাজির ছিলেন। সেই নিয়েও বিতর্কে জড়ান কংগ্রেস সাংসদ। বিমানবন্দরে স্বাগত জানাতে এসেছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। মোদির সঙ্গে নিজের ছবি পোস্ট করে শশী থারুর লেখেন, তাঁর কেন্দ্রে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তিনি। শশী থারুরের এরকম মোদি-প্রীতির কথা প্রকাশ্যে আসা মাত্রই কংগ্রেস এমপিকে নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।
শশী থারুর বেশ কিছুদিন ধরেই মোদি ও কেন্দ্রীয় সরকার এবং কেরলের বাম সরকারেরও প্রশংসা করে মন্তব্য করে চলেছেন। শেষবার পহেলগাঁও নিয়েও শশী থারুরের মন্তব্যকে ঘিরে ব্যাপক আলোড়ন পড়ে দলের ভিতরে। কেউ কেউ তাঁকে বিজেপির মুখপাত্র বলেও ঠেস মারেন। তারপর শশী থারুর, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে সতর্ক করে দেয় দল। অথচ এবার ফের মোদির সঙ্গে করমর্দনের ছবি দিয়ে কংগ্রেস হাইকমান্ডকে কী বার্তা দিতে চাইলেন তা নিয়ে গভীর চর্চা চলছে।


More Stories
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্রিমিনাল কেস এবং প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি অধীরের
বিরোধীরা কিছুই করতে পারবে না বললেন দিলীপ
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের