সময় কলকাতা ডেস্ক:- সস্ত্রীক দিলীপ ঘোষের দিঘার জগন্নাথ মন্দির দর্শন ও মমতার সঙ্গে খোস মেজাজে আড্ডা নিয়ে বিস্তর জলঘোলা শুরু হয়েছে বিজেপির অন্দরে। বিজেপির অনেক নেতা প্রকাশ্যে দিলীপকে তোপ দাগতে শুরু করেছেন। যদিও সে সব তির্যক মন্তব্যের পাল্টা জবাব বেশ কড়া ভাবেই দিয়েছেন বিজেপি নেতা দিলীপ। দিঘার মন্দিরে যাওয়া নিয়ে এ বার রাম মন্দির ইস্যু টেনে আনলেন দিলীপ। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে দিঘার জগন্নাথ মন্দিরে গিয়ে সৌজন্য দেখিয়েছেন তিনি। কিন্তু অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে সেই সৌজন্য দেখাতে পারেননি, বলে সাফাই দেন দিলীপ।
পাশাপাশি কলকাতায় একের পর এক মার্কেট, বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে দিলীপ বলেন, পুরসভা ও দমকলের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। দিলীপ বলেন, ‘পুরোনো বাজারগুলো গিয়ে দেখে আসুন। কোনও অনুমতি নেই। আগুন নেভানোর ব্যবস্থা নেই। হাজার হাজার তার ঝুলছে।’ এছাড়াও দিলীপ বলেন, ‘মুখ্যমন্ত্রীর কি শুধু ভিজিট করাই কাজ? তাঁর বিভাগীয় অফিসাররা সব কোথায়? উনি যে দিন মুখ্যমন্ত্রী হলেন তার ১ মাসের মধ্যে সব হাসপাতাল ভিজিট করেছিলেন। কী লাভ হল? দালালরাজ আটকানো গিয়েছে? আর জি কর ঘটনা আটকানো গিয়েছে? উনি পলিটিক্যাল গিমিক করেন। ১৫ বছর তো হয়ে গেল। কী পরিবর্তন হয়েছে? উনি পরিবর্তন চান না। উনি রাজনীতি করতে চান।’ যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলিপের এই কটাক্ষ সেভাবে আর কেউ গুরুত্ব দিতে চাইছে না।
দিঘায় যাওয়া নিয়ে দলের একাংশ তাঁকে নিয়ে তির্যক মন্তব্য প্রতিদিনই করে চলেছে। সেই তালিকায় বাদ যাননি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিজেপি নেতা অশোক দিন্দাও।


More Stories
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর