Home » মুর্শিদাবাদে নতুন মহকুমা ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে নতুন মহকুমা ঘোষণা মুখ্যমন্ত্রীর

সময় কলকাতা ডেস্ক:- সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে গত মাসের শুরুতে উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদ। একাধিক বাড়ি ভাঙচুর হয়। পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেই সময় পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিল বিরোধীরা। যদিও মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে রাজ্য পুলিশ অতিদ্রুতই পরিস্থিতি আয়ত্তে আনে। অশান্তির আঁচ থিতিয়ে যেতেই সোমবার মুর্শিদাবাদ সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সুতিতে প্রশাসনিক বৈঠক করেন তিনি। সেখান থেকেই সুতি, ফরাক্কা ও ধুলিয়ানকে নিয়ে মুর্শিদাবাদে নয়া মহকুমা তৈরি করা হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

মঙ্গলবার সুতির প্রশাসনিক সভায় জেলার জন্য একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। দুপুরে সেখানে পৌঁছে আগে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সরকারি পরিষেবা প্রদানের কাজ সেরে নেন। ওয়াকফ অশান্তির মাঝে পড়ে নিহত এজাজ আহমেদের পরিবারকে আর্থিক সাহায্য তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই ঘোষণা করেন সুতি, ফরাক্কা ও ধুলিয়ানকে নিয়ে মুর্শিদাবাদে তৈরি হবে নয়া মহকুমা। আইনশৃঙ্খলায় নজরদারি বাড়াতে এই নতুন মহকুমা তৈরির সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহল মহল।

About Post Author