সময় কলকাতা ডেস্ক:- জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহত বিএসএফ জওয়ান ঝন্টু শেখের স্ত্রী শাহানাজ শেখকে রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন থেকে কৃষ্ণনগর পুলিশ জেলায় হোমগার্ডের কাজ করবেন। মঙ্গলবার মুর্শিদাবাদের সুতিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে এই নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে শহিদ জওয়ানের স্ত্রী ও ছেলের হাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহত হওয়া বাংলার তিন বাসিন্দার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাঁদের জন্য নয়, জম্মু-কাশ্মীরে বাংলার যে জওয়ান শহিদ হয়েছেন, তাঁর পরিবারের পাশে থাকার কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, তেহট্টের সেনার পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে। পাশাপাশি শহিদ জওয়ান ঝন্টু শেখের স্ত্রীকে চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার সেই ঘোষণা পূরণ করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার কথা দিলে কথা রাখতে জানে।
নদিয়ার তেহট্টের সীমান্তের পাথরঘাটা গ্রামে বেড়ে ওঠা সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলি শেখে, দাদা সফিকুলের মতো তিনিও যোগ দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীতে। কর্মরত ছিলেন কাশ্মীরে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটকদের নৃশংসভাবে হত্যা করেছিল জঙ্গিরা। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে গিয়ে গত ২৪ এপ্রিল মৃত্যু হয় ঝণ্টুর। মঙ্গলবার সুতির প্রশাসনিক সভায় জেলার জন্য একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। দুপুরে সেখানে পৌঁছে আগে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সরকারি পরিষেবা প্রদানের কাজ সেরে নেন। প্রথমেই মঞ্চে ডেকে নেন তেহট্টের শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারকে। জওয়ানের স্ত্রী, দুই সন্তানকে মঞ্চে নিয়ে আসেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। ঝণ্টুর স্ত্রী শাহানাজের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। সবরকমভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?