সময় কলকাতা ডেস্ক:- বুধবার গভীর রাতে অপারেশন সিঁদুরের পর থেকেই লাগাতার নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি বর্ষণ করছে পাক সেনা। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গভীর রাতে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, উরি এবং আখনুরে গুলি এবং মর্টার শেল চলে। পুঞ্চে প্রায় ১৫ নিরীহ গ্রামবাসীর প্রাণ গিয়েছে বৃহস্পতিবারই। শহিদ হয়েছেন এক জওয়ানও। এবার ফের মৃত্যুসংবাদ এল উরি থেকে। জানা গিয়েছে, বৃহস্পতিবার উত্তর কাশ্মীরের বারামুলার উরিতে একটি গাড়ির উপরে গোলা এসে আছড়ে পড়ে। রাজারওয়ানি থেকে বারামুলা যাচ্ছিল গাড়িটি। সেই সময়ই মহুরার কাছে ওই ঘটনা ঘটে। রাজারওয়ানির বাসিন্দা বসির খানের স্ত্রী নার্গিস বেগমের মৃত্যু হয়। হাফিজা নামের আরেক মহিলা জখম হন। তাঁকে দ্রুত জিএমসি বারামুলায় ভর্তি করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলির ভগ্নদশার নানা ছবিও ভাইরাল। গোলাবর্ষণে বহু ঘরবাড়ি ধূলিসাৎ। গত কয়েকদিন ধরেই উত্তর কাশ্মীরের উরিতে লাগাতার গোলাবর্ষণ করছে পাকিস্তান। পাকিস্তানের নির্লজ্জ আক্রমণে জোরাল প্রত্যাঘাত করে ভারত। বৃহস্পতিবার রাতে পাকিস্তান জম্মু-কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থানের সীমান্ত এলাকায় একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাক সেনা এই হামলার অংশ হিসেবে জম্মু, পাঞ্জাবের পাঠানকোট ও রাজস্থানের জয়সলমীরে আর্টিলারি ফায়ারও চালায়। যদিও ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষ প্রতিরোধে সমস্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়।
করাচি বন্দরে বড়সড় হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের রাজধানী ইসলামবাদেও বড়সড় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। অন্তত ১৬টির বেশি পাক শহরে একযোগে চলে ভারতের অ্যাকশন। অন্যদিকে কোয়েটায় হামলা বালোচ আর্মির। সব মিলিয়ে ভয়ংকর চাপে ইসলামাবাদ। দিল্লিতেও চলছে তোড়জোড়। এই পরিস্থিতিতে জম্মু ও শ্রীনগরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। নিয়ন্ত্রণরেখায় পাক আক্রমণ রুখে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। ধ্বংস অন্তত ৫০ টি পাক ড্রোন। দাবি সেনা সূত্রের। পাশাপাশি মধ্যরাতে ভারতের পশ্চিম প্রান্তের একাধিক শহরেও ড্রোন হামলার চেষ্টা করেছে পাকিস্তান। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেই হামলার চেষ্টা ব্যর্থ করেছে।


More Stories
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্রিমিনাল কেস এবং প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি অধীরের
বিরোধীরা কিছুই করতে পারবে না বললেন দিলীপ
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের