সময় কলকাতা ডেস্ক:- ভারতের বুকে নানা কোণায় লুকিয়ে রয়েছে পাক-চর। এমনটা আগেই জানিয়েছিলেন গোয়েন্দারা। জ্যোতি মালহোত্রার মতো ইউটিউবার যেমন গ্রেপ্তার হয়েছেন, তেমনই কেউ না কেউ ধরা পড়ছে রোজ। এ বার গুজরাট এটিএস-এর হাতে ধরা পড়ল সন্দেহভাজন এক চর। বিএসএফ এবং ভারতীয় নৌবাহিনীর নানা তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ধৃত ব্যক্তির নাম সহদেব সিং গোহিল।
২০২৫ সালের প্রথম দিকে গোহিল নিজের আধার কার্ড দিয়ে একটি সিম কেনে, তাতে হোয়াটসঅ্যাপ চালু করে অদিতি ভরদ্বাজ নামের এক মহিলার হাতে তুলে দেয়। তার পর থেকে ওই নম্বর ব্যবহার করেই তথ্য আদানপ্রদান চালাতো পাকিস্তানি চর। এটিএস- সূত্রের খবর, এই কাজের জন্য গোহিলকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি টাকা দিয়েছিল। ওই ব্যক্তি চর নেটওয়ার্কে জড়িত বলে মনে করা হচ্ছে। গোহিলের ফোন আপাতত ফরেন্সিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই নেটওয়ার্কে জড়িত বাকিদের ধরার জন্য অভিযান চলছে।
এটিএস-এর তথ্য অনুযায়ী, অদিতি ভরদ্বাজ নামের ওই মহিলার সঙ্গে ২০২৩ সালের জুন মাসে তার যোগাযোগ হয়। গুজরাটের এটিএস-এর এসপি জানিয়েছেন, কথা বলার সময়েই গোহিল জানতে পেরেছিল যে, ওই মহিলা পাকিস্তানের চর। ওই মহিলা বিএসএফ ও নৌবাহিনীর জায়গার নানা তথ্য, ছবি ও ভিডিয়ো চেয়ে পাঠিয়েছিল। এমন জায়গার ছবি চেয়েছিল যেগুলি নতুন তৈরি হয়েছে অথবা নির্মীয়মাণ।
সহদেব সিং গোহিল একজন স্বাস্থ্য কর্মী। কচ্ছ থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। তার বিরুদ্ধে বিএসএফ এবং নৌবাহিনীর নানা তথ্য এক পাকিস্তানি এজেন্টের হাতে তুলে দেওয়ার অভিযোগ মিলেছিল বলেই জানিয়েছেন গুজরাট এটিএস।


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
অনশনের ১৭ দিনে অসুস্থ সোনম ওয়াংচুকের জন্য উদ্বিগ্ন লেখক -অভিনেতা -বুদ্ধিজীবীরা
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?