সময় কলকাতা ডেস্ক:- ফের হাইকোর্টের দ্বারস্থ চাকরিহারা অযোগ্য শিক্ষকরা। তবে উচ্চ আদালত তাদের আবেদনে হস্তক্ষেপ করল না। রাজ্যের স্কুলগুলিতে নতুন করে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়োগ বিজ্ঞপ্তির সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। তবে আবেদনকারীদের সেই মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট।
জানা গিয়েছে, এজলাসে বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় জানান, এই বিষয়ে সুপ্রিমকোর্টের নির্দেশ রয়েছে। পাশাপাশি বিষয়টি এখন শীর্ষ আদালতে বিচারাধীন। তাই এ ব্যাপারে কলকাতা হাইকোর্টে গ্রীস্মবকাশকালীন বেঞ্চ হস্তক্ষেপ করবে না।
স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় ঢালাও দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ তুলে গোটা প্যানেলটাই বাতিল করে নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনে ৩০ মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানান মুখ্যমন্ত্রী।
এরপরই রাজ্যের এই সিদ্ধান্তে হস্তক্ষেপ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারাদের একাংশ। আবেদনকারী শিক্ষকদের বক্তব্য ছিল, সুপ্রিমকোর্টের নির্দেশে তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে, তারা স্কুলে ঢুকতে পারছেন না। নতুন যে পরীক্ষা নেওয়া হবে সেখানেও অংশগ্রহণ করতে পারবেন না। এই পরিস্থিতিতে আদালত হস্তক্ষেপ করুক। যদিও আদালত তা খারিজ করে দিয়েছে। এর আগে ওএমআর শিট বিকৃতি ও র্যাঙ্ক জাম্পের অভিযোগে চাকরি বাতিল হওয়া প্রার্থীদের একাংশ সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। যদিও সেই আবেদনে সাড়া দেয়নি শীর্ষ আদালত।


More Stories
পথ দুর্ঘটনায় নিহত দুই গৃহবধূ
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
গ্রেফতার “বিজেপি নেত্রীকে পেটানো” আরশাদ উজ জামান