Home » কিছুটা আবহাওয়ার পরিবর্তন হয়েছে উত্তর সিকিমে, বৃহস্পতিবার সকাল থেকেই শুরু উদ্ধারকার্য

কিছুটা আবহাওয়ার পরিবর্তন হয়েছে উত্তর সিকিমে, বৃহস্পতিবার সকাল থেকেই শুরু উদ্ধারকার্য

সময় কলকাতা ডেস্ক:- টানা তিন দিন চেষ্টার পরেও এখনও নিখোঁজ ৬ সেনা কর্মী। বিগত দুদিন অতি ভারী বৃষ্টিপাতের ফলে উত্তর সিকিমে উদ্ধার কার্য কিছুটা ব্যাহত হয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হয়েছে। কমেছে বৃষ্টির পরিমাণ। ফলে বৃহস্পতিবার সকাল থেকেই নতুন দফায় উদ্ধার কার্য শুরু করেছে এনডিআরএফ। ইতিমধ্যেই প্রথম পর্যায়ে ৬৩ জন পর্যটককে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।

উদ্ধার হওয়া দলে ২ জন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক সহ রয়েছেন এলাকার বাসিন্দা এবং পর্যটকরা। বৃহস্পতিবার ৬৩ জন পর্যটককে উদ্ধার করে পাকিয়াং বিমানবন্দরে নামিয়ে ফের ছাতেনে ফিরে যায় ভারতীয় বায়ু সেনার দুটি হেলিকপ্টার সহ উদ্ধারকারী দল।

বিগত ৭ দিন ধরে লাগাতার বৃষ্টিপাত চলছিল সিকিম, ভুটান সহ বিভিন্ন অঞ্চলে। প্রবল বৃষ্টিপাতের কারণে উত্তর সিকিমের মঙ্গন, লাচুং, লাচেনে একাধিক জায়গায় ঘটে ভূমিধস। বন্ধ হয়ে যায় বিভিন্ন রাস্তা। চুথাং ,ফিডং, টুং, থাঙ্গু, গুরুদংমার, বাতেনের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন জায়গায় আটকে পড়েন পর্যটকেরা।

উল্লেখ্য, রবিবার রাতে ছাতেনের সেনা ছাউনিতে ধস নামে। ধসে ৩ সেনা কর্মীর মৃত্যু হয়। ৬ সেনা কর্মী নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ ৬ সেনা কর্মীর খোঁজে লাগাতার চলছে তল্লাশি তা সত্ত্বেও বৃহস্পতিবার পর্যন্ত তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল থেকে আবহাওয়ার পরিবর্তনের কারণে শুরু হয়েছে জোড় তল্লাশি।

এদিকে বিভিন্ন রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে আটকে পড়া পর্যটক এবং বাসিন্দাদের রসদে টান পড়েছে। সরকারি উদ্যোগে শুরু হয়েছে সেই সমস্ত অঞ্চলে হেলিকপ্টারের মাধ্যমে রসদ সরবরাহ করার ব্যবস্থা।

About Post Author