Home » ছত্তিশগড়ের জঙ্গলে খতম মাওবাদী কমান্ডার সুধাকর! মাথার দাম ছিল ৪০ লক্ষ

ছত্তিশগড়ের জঙ্গলে খতম মাওবাদী কমান্ডার সুধাকর! মাথার দাম ছিল ৪০ লক্ষ

সময় কলকাতা ডেস্ক:- ফের ধাক্কা মাওবাদী শিবিরে। কয়েকদিন আগেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে সিপিআই (মাওবাদী)-র সাধারণ সম্পাদক বাসবরাজু ওরফে নাম্বালা কেশব রাওয়ের। বৃহস্পতিবার ছত্তিসগড়েই বিজাপুরে এনকাউন্টারে মৃত্যু হলো আরও এক মাওবাদী শীর্ষ নেতার।

পুলিশ সূত্রের খবর, মাওবাদীদের সেন্ট্রাল কমিটির সদস্য গৌতম ওরফে সুধাকরের মৃত্যু হয়েছে এনকাউন্টারে। সরকারের তরফে তাঁর মাথার দাম ৫০ লক্ষ টাকা ধার্য করা হয়েছিল। যদিও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পুলিশের তরফে তাঁর মৃত্যুর খবর জানিয়ে সরকাির বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বস্তার রেঞ্জে কর্মরত এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, যৌথ বাহিনী যখন তল্লাশি করছিল, তখনই মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কে চলে ওই গুলির লড়াই। ছত্তিসগড় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড এবং সিআরপিএফ-এর কোবরা ইউনিট নিয়ে তৈরি হয়েছিল যৌথ বাহিনী। সূত্রের খবর, ওই এলাকায় মাওবাদীদের একটি দল রয়েছে এই খবর পেয়েই অভিযান শুরু হয়। খবর ছিল, ওই দলে মাওবাদীদের তেলেঙ্গানা রাজ্য কমিটির সদস্য বান্দি প্রকাশ, দন্ডকারণ্য স্পেশাল জ়োনাল কমিটির সদস্য পাপ্পা রাও এবং আরও কিছু নেতৃস্থানীয় ব্যক্তি ছিল।

উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, ঝড়খণ্ডের মতো মাও অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে। ২১ এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। এখনও পর্যন্ত ওই এলাকাজুড়ে অভিযান চালিয়ে ৩১ জনের বেশি মাওবাদীকে হত্যা করা হয়েছে।

About Post Author