সময় কলকাতা ডেস্ক:- ইরান-ইজরায়েলের যুদ্ধের মধ্যে মঙ্গলবার ভোররাতে যুযুধান দু’পক্ষের মধ্যে সংঘর্ষবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এর পরেও ইজরায়েলের বেশ কিছু জায়গায় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ। এদিকে তাঁদের উপর মার্কিন হামলার পরিপ্রেক্ষিতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করায় বিশ্বজুড়ে জ্বালানী তেলের জোগান কমবে বলে আশঙ্কা করা হচ্ছে। যার ফলে আন্তর্জাতিক বাজারে বাড়াতে পারে তেলের দাম।
একইসাথে ভারতেও জ্বালানী তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। তবে কেন্দ্রের তরফে আশ্বস্ত করা হয়েছে ভারতে এই মুহূর্তে যথেষ্ট পরিমাণ অপরিশোধিত তেল মজুত রয়েছে, ফলে এখনও দাম বাড়ার কোনও আশঙ্কা নেই। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং জানিয়েছেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করলেও ভারতে তেলের দামে খুব একটা প্রভাব পড়বে না।
কেননা ভারত স্ট্রাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভারের মাধ্যমে অন্ধ্র প্রদেশ, কর্নাটক এবং তামিলনাড়ুতে অপরিশোধিত তেল মজুত রেখেছে। তেলের আমদানি বন্ধ হলেও, এই রিজার্ভার থেকে তেলের জোগান দেওয়া হবে।
কিন্তু এই এসপিআর কী?
স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ লিমিটেড দ্বারা পরিচালিত হয়। এসপিআর ভূপৃষ্ঠ থেকে ৯০ মিটার নীচে অবস্থিত এবং দৈর্ঘ্যে এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। উচ্চতা একটি ১০ তলা ভবনের সমান। বর্তমানে দেশে তিনটি ভূগর্ভস্থ শিলা গুহা বা এসপিআর রয়েছে।
সেখানে মোট ৫.৩৩ মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত তেল মজুত রয়েছে। ২০২০ সালে কোভিড অতিমারীর সময় যখন তেলের দাম কমে গিয়েছিল, সেই সময় ভারত বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনে ভূগর্ভস্থ পাথরের গুহায় অর্থাৎ এসপিআর-এ সংরক্ষণ করেছিল। এর ফলে প্রায় পাঁচ হাজার কোটি টাকা সাশ্রয় হয় বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।


More Stories
অহংকার মমতার পতনের কারণ বললেন জগন্নাথ দয়িতাপতি
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ