সময় কলকাতা ডেস্ক:- কালীগঞ্জের নাবালিকা খুনে আবার গ্রেফতারি। এবার পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত গাওয়াল শেখ এবং তাঁর ছেলে বিমল শেখ। শুক্রবার রাতে বর্ধমানের কাটোয়া থেকে তাঁদের ধরে পুলিশ। কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে জানানো হয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯।
নাবালিকার পরিবার শুরু থেকেই গাওয়াল শেখের নামে অভিযোগ জানিয়েছিল। মৃতার মা সাবিনা বিবির দাবি ছিল, বোমা হামলার ‘মূল চক্রী’ গাওয়ালই। তিনিই বোমা ছোড়ার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ।
তাঁর কথায়, ও এই ঘটনার মূল মাথা। ওর নির্দেশেই হামলা হয়েছে। তবে ওর উপরেও কেউ রয়েছে কিনা, তাও পুলিশ খতিয়ে দেখুক। গাওয়াল শেখ কালীগঞ্জে তৃণমূলের বুথ সভাপতি।
জানা গিয়েছে, নির্বাচনের ফল প্রকাশের আগেই এলাকায় বিজয় মিছিল বের হয় তৃণমূলের পক্ষ থেকে। অভিযোগ, সেই মিছিল থেকেই বোমা ছোড়া হয়েছিল সিপিএম সমর্থকদের বাড়ির দিকে। বোমার আঘাতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণির ছাত্রীর।
তাঁদের পরিবার দীর্ঘদিন ধরেই সিপিএম সমর্থক বলে এলাকায় পরিচিত। ঘটনার পরে যে এফআইআর দায়ের করা হয়েছিল, তাতে গাওয়াল এবং তাঁর ছেলের নাম ছিল স্পষ্টভাবে। এরপর থেকেই বেপাত্তা ছিলেন তাঁরা। অবশেষে শুক্রবার রাতে কাটোয়ার একটি গ্রামে তাঁদের হদিস মেলে। কৃষ্ণনগর পুলিশের তরফে জানানো হয়েছে, এই গাওয়াল শেখই কালীগঞ্জ বোমাকাণ্ডের মূল অভিযুক্ত। তাঁকে এবং তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়েছে। টানা তল্লাশি চলছে। বাকিদেরও খুব তাড়াতাড়ি ধরা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ধৃতদের সঙ্গে বসিয়ে আরও কয়েক জনকে জেরা করা হবে। ঘটনার পুনর্নির্মাণও হতে পারে। তদন্তকারীদের আশা, জেরা থেকে উঠে আসতে পারে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এবং হয়তো আরও কিছু নাম।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?