সময় কলকাতা ডেস্ক:- ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি এলাকায় ভুয়ো চিকিৎসকের ছদ্মবেশে প্রতারণার অভিযোগে চাঞ্চল্য ছড়াল। নিজেকে ‘ডঃ বি. আর. আম্বেদকর হেলথ কেয়ার’ নামে একটি এনজিও সংস্থার পরিচালক ও চিকিৎসক পরিচয় দিয়ে নদিয়ার বীর রামচন্দ্রপুরের বাসিন্দা এক ব্যক্তি স্থানীয় উল্টাডাঙ্গা হাট সংলগ্ন এলাকায় ‘বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা’ শিবির চালু করেন। কিন্তু তার কার্যকলাপ ঘিরে সন্দেহ দানা বাঁধতেই উত্তাল হয়ে ওঠে বাজার চত্বর।
জানা গিয়েছে, শিবিরে আসা এক রোগীর কাছ থেকে ‘পরীক্ষা’র নাম করে ৩০০ টাকা এবং ওষুধের নামে ১৭০০ টাকা আদায় করা হয়। বিষয়টি জানাজানি হতেই উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। স্থানীয়রা তার কাছে বৈধ নথিপত্র, রেজিস্ট্রেশন নম্বর বা স্বাস্থ্য দফতরের অনুমোদন চাইলে অভিযুক্ত তা দেখাতে ব্যর্থ হয়।
এরপরেই উত্তেজিত জনতা প্রথমে তাকে ঘিরে ফেলে এবং পরে চড়-থাপ্পড়, লাথির মাধ্যমে গণপিটুনি শুরু হয়। ওই সময় অভিযুক্তের সহকারী ও গাড়িচালককেও মারধর করা হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে থাকায় রামসাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ধৃতদের নাম নিত্যানন্দ রায় ও তাঁর সহকারী। পুলিশ সূত্রে খবর, তাদের বিরুদ্ধে ভুয়ো চিকিৎসা, জাল এনজিও পরিচয়ে প্রতারণা এবং অনুমতি ছাড়া স্বাস্থ্য শিবির পরিচালনার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গ্রামীণ এলাকায় পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না থাকায় বহু মানুষ বেসরকারি শিবিরের উপর নির্ভরশীল। সেই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণির প্রতারক সাধারণ মানুষকে ঠকাচ্ছে। ফলে প্রশাসনের নজরদারি ও কঠোর পদক্ষেপের দাবি জোরালো হচ্ছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি