সময় কলকাতা ডেস্ক:- আজ, শনিবার উল্টো রথ এবং কাল, রবিবার মহরমের দিন নিরাপত্তার পাশাপাশি শহরের ট্র্যাফিক ব্যবস্থায় বিশেষ নজর দিচ্ছে লালবাজার। আজ উল্টো রথে শহরের বিভিন্ন প্রান্তে শোভাযাত্রা বেরোবে। তার ফলে শহরের কিছু রাস্তায় সাময়িক ভাবে ট্র্যাফিকের গতি শ্লথ হওয়ার সম্ভাবনা। শুক্রবার লালবাজারের তরফে জানানো হয়েছে, শহরের পথে পর্যাপ্ত পুলিশ থাকবে। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার উল্টো রথকে কেন্দ্র করে অতিরিক্ত দু’হাজার পুলিশকর্মী শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হচ্ছে। শুধু ট্র্যাফিক নিয়ন্ত্রণ নয় , শহরের নিরাপত্তার বিষয়টিতেও বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান পুলিশকর্তারা। জানা গিয়েছে, সব মিলিয়ে উল্টো রথ এবং মহরমে মোট ৫০০০ পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকছেন। থাকবেন শীর্ষ পুলিশকর্তারাও। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা নোটিফিকেশনের মাধ্যমে থানাগুলিকে তাদের দায়িত্বের বিষয়টি মনে করিয়ে দিয়েছেন।
রবিবার মহরমের দিন শহরের বিভিন্ন রাস্তায় তাজিয়া–সহ শোভাযাত্রা বেরোবে। আগামীকালও যানজটের আশঙ্কা থাকছে। যদিও রবিবার ছুটির দিন হওয়ায় রাস্তাঘাট অনেকটাই ফাঁকা থাকবে।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?