Home » আমের জেলা মালদায় আমের মরশুমেই প্রকাশ্য দিবালাকে কাটা হচ্ছে একের পর এক আম গাছ

আমের জেলা মালদায় আমের মরশুমেই প্রকাশ্য দিবালাকে কাটা হচ্ছে একের পর এক আম গাছ

সময় কলকাতা ডেস্ক:- আমের জেলা মালদা। এখনও চলছে আমের মরশুম। তার মাঝেই প্রকাশ্য দিবালোকে চলছে আমবাগান ধ্বংস যজ্ঞ। কেটে ফেলা হচ্ছে একের পর এক আম গাছ। যাতে আবার অনুমতি দিচ্ছে বনদপ্তর। এমনই ঘটনার সাক্ষী রইল আমের জেলা মালদা।

জানা গেছে, গাছ কাটা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। গাছ কাটার কাজে বাধাও দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। একদিকে আমের মেলা হচ্ছে। অন্যদিকে আম গাছ কাটা হচ্ছে। ইউ ঘটনাকে ঘিরে শুরু ব্যাপক রাজনৈতিক তরজা। রাজ্য সরকার তথা প্রশাসন এবং তৃণমূলকে আক্রমণ বিজেপির। এদিকে সাফাই দিচ্ছে তৃণমূল।

ঘটনাটি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের পিপলা এলাকার। এখানে জাতীয় সড়কের ধারে প্রকাশ্য দিবালোকে একের পর এক আম গাছ কাটার ঘটনায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে এলাকায়।

স্থানীয়দের অভিযোগ গনেশ দাস নামে এক ব্যক্তি মাফিয়াদের মদত নিয়ে তার বাগানের একের পর এক আম গাছ কাটছে। কিন্তু এভাবে গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য হারাবে। তাই গাছ কাটা নিয়ে বাধা দেয় স্থানীয়রা।

এদিকে, বনদপ্তর সূত্রে জানা গেছে, অনুমতি নিয়ে গাছ কাটা হচ্ছে।

কিন্তু প্রশ্ন উঠছে আমের জেলা মালদায় আমের মরশুমে কি ভাবে গাছ কাটার অনুমতি দিচ্ছে বনদপ্তর।

স্থানীয়দের অভিযোগ এর পেছনে রয়েছে মোটা টাকার অংক। যদিও ফরেস্ট রেঞ্জ অফিসার দুলাল সরকার সেই অভিযোগ অস্বীকার করেছেন।

তার দাবি গাছ কাটার জন্য আবেদন করা হয়েছিল। নিয়ম অনুযায়ী তিনি নির্দিষ্ট সংখ্যায় অনুমতি দিয়েছেন। আমের মরশুমে দেখা যাচ্ছে প্রশাসন আম চাষীদের উৎসাহ দিচ্ছে। আমের মেলা হচ্ছে। আম থেকে তৈরি হচ্ছে বিভিন্ন রেসিপি। আবার সেই আমের জেলাতে প্রশাসন আম গাছ কাটারও অনুমতি দিয়ে দিচ্ছে। এই দ্বিচারিতা নিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি।

গেরুয়া শিবিরের অভিযোগ, রাজ্য সরকার, প্রশাসন, জমি মাফিয়ারা এক যোগে এই কাজ করছে। যদিও তৃণমূলের দাবি, নিয়ম অনুযায়ী গাছ না কাটলে কেউ প্রশাসনের চোখ এড়াতে পারবে না। প্রশাসন পদক্ষেপ নেবে। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

About Post Author