Home » একুশে জুলাই রাস্তায় সমস্যায় পড়লেই ফোন করুন, নম্বর দিলেন কলকাতার পুলিশ কমিশনার

একুশে জুলাই রাস্তায় সমস্যায় পড়লেই ফোন করুন, নম্বর দিলেন কলকাতার পুলিশ কমিশনার

সময় কলকাতা ডেস্ক:- সোমবার ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই শহিদ দিবসের সমাবেশ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে শাসকদলের কর্মী সমর্থকরা। তাই, এবারের সমাবেশে ভিড় অন্যবারের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা।

এই পরিস্থিতিতে একুশে জুলাই রাজপথে যান চলাচল স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ করছে কলকাতা পুলিশ। শনিবার কলকাতার নিরাপত্তা খতিয়ে দেখতে শহর ঘুরে দেখেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা। সকাল ১১ টা নাগাদ বাসভবন থেকে বেরিয়ে পার্ক সার্কাস থেকে মা ফ্লাইওভার ধরে সায়েন্সিটি। সেখান থেকে বাইপাস ধরে পাটুলিতে ছোট বৈঠক। তারপর ঢালাই ব্রিজ থেকে ইউটার্ন, অভিষিক্তা মোড় হয়ে বেহালা জোকা পর্যন্ত পরিদর্শন।

রাস্তায় কেউ সমস্যায় পড়লে, সাহায্যের জন্য কলকাতা পুলিশকে ফোন করতে পারবেন। সেজন্য তিনটি ফোন নম্বরও দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

কলকাতা পুলিশের তরফে জানা গিয়েছে, সোমবার ধর্মতলামুখী ৭ টি মিছিল আসবে শহরের বিভিন্ন প্রান্ত থেকে। শ্যামবাজার পাঁচ মাথার মোড়, হেদুয়া পার্ক, হাজরা পার্ক, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন এবং কলকাতা স্টেশন থেকে মিছিলগুলি আসবে। এছাড়া শহরের প্রায় ২২ টি জায়গায় জমায়েত হবে বলে জানা গিয়েছে। বিভিন্ন জেলা থেকে বাস, গাড়িতে করে আসবেন তৃণমূল কর্মী-সমর্থকরা। সেই গাড়ি গুলির জন্য শহরের একাধিক প্রান্তে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

পাশাপাশি, বিভিন্ন জায়গা থেকে আসা সাধারণ মানুষের জন্য শহরের বিভিন্ন প্রান্তে প্রায় ১৮ টি অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রাখা হবে বলে জানা গিয়েছে। মিছিলে আসা সমর্থকদের নিয়ন্ত্রণ করতে বেশ কিছু জায়গায় বাঁশের গেট ও টিনের ব্যারিকেড ব্যবহার করা হবে। সাথে থাকবে ভিউ কাটার। বেশ কিছু জায়গায় জায়ান্ট স্ক্রিন রাখা হতে পারে বলে জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের সভামঞ্চের কাছে তিনটি কুইক রেসপন্স টিম রাখা হচ্ছে। প্রতিটি মিছিলের শুরুতে ও শেষে থাকবে পুলিশ। এবং বড় বড় মিছিলে একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ অফিসার থাকছেন। সভাস্থলের আশপাশে প্রায় ১৪ টি জোন করা হয়েছে।

যেখানে আইপিএস পদমর্যাদার অফিসাররা দায়িত্বে থাকছেন। এছাড়াও শহরের বিভিন্ন মেট্রো স্টেশনে একজন করে সাব-ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার মোতায়েন রাখা হচ্ছে। ২১ জুলাইয়ের দিন শহরের ধর্মতলা চত্বর ছাড়াও বিভিন্ন জায়গায় প্রচুর পুলিশ মোতায়েন রাখা হচ্ছে। প্রতিটি জায়গায় আইপিএস পদমর্যাদার অফিসারের নেতৃত্বে থাকবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার-সহ অফিসার ইন চার্জ পদমর্যাদার অফিসাররা। শনিবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান, ২১ জুলাইয়ের নজরদারি এবং নিরাপত্তার জন্য যা যা ব্যবস্থা রাখার তা রাখা হয়েছে। কলকাতা পুলিশের প্রত্যেকটি থানাকে নির্দিষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতায় গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য যা ব্যবস্থা নেওয়ার, তা নেওয়া হচ্ছে।

একইসাথে তিনি বলেন, সাধারণ মানুষ যদি সোমবার রাস্তায় বেরিয়ে কোনও সমস্যায় পড়েন, তার জন্য প্রতিটি গার্ডের দায়িত্বে থাকা ট্র্যাফিক পুলিশের সঙ্গে কথা বলতে পারবেন। এছাড়াও তিনটি নম্বর দেন তিনি। রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়লে এই নম্বরগুলিতে ফোন করতে পারবেন সাধারণ মানুষ। টোল ফ্রি হেল্পলাইন নম্বর হল ১০৭৩। এছাড়া আরও দুটি মোবাইল নম্বর দেন তিনি। নম্বরগুলি হল ৯৮৩০৮১১১১১ এবং ৯৮৩০০১০০০০।

About Post Author