সময় কলকাতা ডেস্ক:- ভাঙড়ের খুন হওয়া তৃণমূল নেতা রেজ্জাক খাঁয়ের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। নিহত রেজ্জাক খাঁ এর স্ত্রীকে দেওয়া হল সরকারি চাকরি। ভাঙড়ের নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হল রেজ্জাক খাঁ এর স্ত্রী খাদিজা বিবিকে। মঙ্গলবার রেজ্জাক খাঁ এর স্ত্রীর হাতে এই নিয়োগপত্র তুলে দেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।
তৃণমূল ঘনিষ্ঠ নেতা রাজ্জাক খান খুন হন গত সপ্তাহে। গুলির আঘাত এবং ধারালো অস্ত্রের কোপে নির্মমভাবে খুন করা হয় তাঁকে। ঘটনার পর থেকেই পরিবারে শোকের ছায়া। রেজ্জাকের স্ত্রী, এক কন্যা ও এক পুত্রকে নিয়ে চারজনের ছোট সংসার। কিন্তু, পরিবারের উপার্জনের কোনও স্থায়ী উৎস না থাকায় চরম আর্থিক সঙ্কটে পড়েন তারা।
ঘটনার দিন এবং তার পরেই বিধায়ক শওকত মোল্লা জানিয়েছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনার প্রতি সংবেদনশীল এবং নিহত নেতার পরিবারের পাশে থাকবেন। রেজ্জাক খাঁ এর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে সরকারি গ্রুপ-ডি চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন শওকত মোল্লা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এই সহায়তার আশ্বাস দিয়েছিলেন তিনি। আর যা নিয়ে তীব্র সমালোচনাও করেছিলেন ভাঙড় বিধানসভার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ বলেছিলেন, রেজ্জাক খাঁয়ের পরিবারের মুখ বুজিয়ে রাখার জন্য এসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে মাত্র।
তবে এবার নওশাদের এই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের গ্রুপ ডি পদে নিয়োগ পত্র পেলেন নিহত রাজ্জাক খাঁ এর স্ত্রী খাদিজা বিবি। খাদিজা বিবি ও তাঁর পরিবারের সদস্যরা এদিন নিয়োগ পত্র হাতে পেয়ে শওকাত মোল্লা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এদিকে রাজ্জাকের স্ত্রীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পরই আইএসএফ বিধায়ক নওশাদকে তীব্র আক্রমন শানানশওকত মোল্লা। নওশাদ সিদ্দিকী এই মার্ডারের মূল চক্রী বলে দাবি করেন তিনি।
রেজ্জাক খাঁ খুনের তদন্ত জারি রয়েছে। দফায় দফায় চলছে ধর পাকড়, জিজ্ঞাসাবাদ। এসবের মাঝেই এবার প্রতিশ্রুতি রাখলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। নিহত রেজ্জাক খাঁ এর স্ত্রীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন তিনি।


More Stories
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর