Home » ফের একবার শিলিগুড়িতে এটিএম লুটের ঘটনা

ফের একবার শিলিগুড়িতে এটিএম লুটের ঘটনা

সময় কলকাতা ডেস্ক:- ফের শিলিগুড়িতে এটিএম লুট। শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টের লোকনাথ বাজারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঘটনা।

বুধবার ভোর রাত তিনটে নাগাদ একটি টাটা সুমো করে দুষ্কৃতীরা এসে ওই এটিএম এর মেশিন গ্যাস কাটার দিয়ে কেটে সর্বস্ব নিয়ে পালায়। এরপর আগুন ধরে যায় এটিএমে। অপারেশন করে বেরোনোর সময় আশিঘর আউটপোষ্টের পুলিশ ভ্যানের নজরে পড়ে যায় ওই টাটা সুমো। এরপর দুষ্কৃতীদের তাড়া করে পুলিশ। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস হয়ে আসিঘর মোড় হয়ে ঘোগোমালি হয়ে দ্রুতগতিতে ছুটতে থাকে টাটা সুমো। তাড়া করলেও পুলিশের পুরনো জিপ আর দুষ্কৃতিদের ধরতে পারেনি। আশিঘর আউট পোস্টের পুলিশ তড়িঘড়ি সমস্ত থানা কে সতর্ক করে।

এদিকে ওই এটিএম গ্যাস কাটার দিয়ে কাটার সময় আগুন লেগে যায়। পুলিশ তড়িঘড়ি খবর দেয় দমকল বিভাগকে। ঘটনাস্থলে ছুটে আসে ডাব গ্রাম ফুলবাড়ী দমকল বিভাগের একটি ইঞ্জিন। দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে ছুটে আসেন আইসি ভক্তিনগর এবং ডিসিপি ইস্ট রাকেশ সিং। ব্যাংকের এক কর্মীর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী পুলিশের অনুমান প্রায় কুড়ি লক্ষ টাকা লুট হয়েছে।

তবে, এখনও পর্যন্ত ব্যাংক বিষয়টি নিয়ে পুলিশকে কিছু জানায়নি। এটিএম এর পাশে একটি ফাঁকা জায়গায় টাটা সুমো দাঁড় করিয়ে এই অপারেশন চালানো হয়। পুরো অপারেশনটি যাতে সিসিটিভির মধ্যে না আসে সেই কারণে সিসিটিভিতে স্প্রে করে দিয়েছিল দুষ্কৃতীরা।

ঘটনাটি ঘটতে দেখার পর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানাকে সতর্ক করার পাশাপাশি জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা, দার্জিলিং জেলা, উত্তর দিনাজপুর জেলা পুলিশকে সতর্ক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

জানা গিয়েছে, টাটা সুমোটি সাদা রংয়ের।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট রাকেশ সিং বলেছেন দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে, পুলিশ তাড়া করেছিল। কিন্তু আসিঘর আউটপোস্ট থেকে ১ কিলোমিটার এর মধ্যে এই এটিএম লুটের ঘটনায় মুখ পুড়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের।

উল্লেখ্য, গত ১৮ জুন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানা এলাকায় একটি এটিএম লুটের ঘটনা ঘটে। লুট হয় ১১ লক্ষ টাকা। ২২ তারিখ শিলিগুড়ির বিধান জুয়েলারিতে লুটের ঘটনা ঘটে। লুট হয় ২২ কোটি টাকার স্বর্ণালংকার। তার আগে ১৩ তারিখ ময়নাগুড়ি তে ৫৪ লক্ষ টাকা এটিএম লুটের ঘটনা ঘটে। এবার আবার টার্গেট শিলিগুড়ি। এখন এটাই দেখার দুষ্কৃতীদের ধরতে আদৌ কি সক্ষম হয় শিলিগুড়ি পুলিশ!

About Post Author