Home » পাহাড়ে একদিকে ধস, অপরদিকে তিস্তার তাণ্ডব! বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক

পাহাড়ে একদিকে ধস, অপরদিকে তিস্তার তাণ্ডব! বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক

সময় কলকাতা ডেস্ক:- পাহাড়ে ফের ভয় ধরানো পরিস্থিতি। একদিকে ধস, অন্যদিকে তিস্তা নদীর ভয়াবহ রূপে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে ১০ নং জাতীয় সড়ক। মঙ্গলবার সকালে দার্জিলিং জেলার ঘণ্টে গোলাই সংলগ্ন ১০ মাইল এলাকায় ধস নামায় রাস্তার উপর বিশাল পাথর, কাদা ও ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে। ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রশাসন দ্রুত বিকল্প রুটে যানবাহন ঘুরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। একইসাথে বিপর্যয় মোকাবিলা দল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

এদিকে টানা বৃষ্টিতে উত্তাল হয়ে উঠেছে তিস্তা নদী। কালিম্পং জেলার রবি ঝোরা ও আশপাশের অঞ্চল থেকে নদীর জল গড়িয়ে গিয়ে রাস্তার উপর আছড়ে পড়ছে। তিস্তার স্রোতে ১০ নং জাতীয় সড়ক এর একাংশ ডুবে গিয়েছে। এই সড়কই শিলিগুড়ি, সিকিম ও কালিম্পংয়ের মধ্যে প্রধান সংযোগস্থল।

স্থানীয়দের দাবি, বহু বছর ধরে তিস্তার এমন ভয়াবহ রূপ দেখা যায়নি। নদীর ধারে থাকা ঘরবাড়ি ও দোকান এখন বড়সড় ঝুঁকির মধ্যে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন বৃষ্টি আরও বাড়বে। এর ফলে নতুন করে ধস ও নদী ফুলে ওঠার আশঙ্কা রয়েছে।

প্রশাসন স্থানীয় বাসিন্দাদের ও পর্যটকদের সতর্ক থাকার আবেদন জানিয়েছে।

About Post Author