সময় কলকাতা ডেস্ক:- ভারত-নেপাল সীমান্তে আবারও ধরা পড়ল এক জালিয়াতির ঘটনা। শিলিগুড়ির পানিট্যাঙ্কি সীমান্তে এসএসবি-র তল্লাশিতে জাল পরিচয়পত্র সহ এক চীনা নাগরিককে আটক করা হয়েছে। সোমবার পানিট্যাঙ্কি নতুন ব্রিজের কাছে নিয়মিত নজরদারির সময় ৪১ ব্যাটালিয়নের ‘সি’ কোম্পানির বর্ডার ইন্টারঅ্যাকশন টিম ওই ব্যক্তিকে সন্দেহজনক মনে করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
এসএসবি সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে তার পরিচয়পত্র ঘাঁটতেই ধরা পড়ে একাধিক অসঙ্গতি। এরপর তল্লাশিতে বেরিয়ে আসে ওই ব্যক্তির বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি ভিন্ন নামের সুইস পাসপোর্ট।
এছাড়াও তার কাছ থেকে একটি জাল নেপালি নাগরিকত্বের কার্ডও উদ্ধার করা হয়েছে। একই ব্যক্তির কাছে ভিন্ন নামের আন্তর্জাতিক পাসপোর্ট এবং নেপালি নাগরিকত্বের কার্ড থাকায় গোটা বিষয়টিকে অত্যন্ত সন্দেহজনক বলেই মনে করছেন তদন্তকারী অফিসাররা।
এরপরই গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা দীর্ঘক্ষণ ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। সবশেষে ধৃতকে দার্জিলিং জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। এই পুরো ঘটনার জেরে সীমান্তে নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠেছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি