সময় কলকাতা ডেস্ক:- দিল্লি থেকে বাংলার ৬ পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পাঠানোর অভিযোগে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। বুধবার ওই মামলার শুনানি চলাকালীন কেন্দ্রীয় আইনজীবীর বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিচারপতি তপব্রত চক্রবর্তী।
দিল্লি থেকে আসা অফিসারেরা সমস্ত অরিজিনাল নথি নিয়ে দিল্লি ফিরে গিয়েছেন বলে আদালতকে জানান কেন্দ্রের আইনজীবী। এমন উত্তরে বিরক্তি প্রকাশ করে বিচারপতি বলেন, ফিরে গিয়েছেন মানে?
একদিন আদালত খোলা ছিল না তাই সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে চলে গেল? আপনাদের অফিসাররা খুব ব্যস্ত তাই না? এখানে যাঁরা চেয়ারে বসে আছেন তাঁদের তো কোনও কাজ নেই?
আসলে ঘটনার সূত্রপাত, বীরভূমের ছয় পরিযায়ী শ্রমিককে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ সম্পর্কে পশ্চিমবঙ্গ ও দিল্লি সরকারের মুখ্য সচিবকে পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। ওই মামলায় বুধবার নথি দেখতে চায় আদালত। কেন্দ্রের আইনজীবী তা না দেখাতে পারায় ক্ষুব্ধ হন বিচারপতি।
কেন্দ্রের আইনজীবীর কাছে আদালত তথ্য চাইলে তিনি বলেন, দিল্লি থেকে যে অফিসাররা এসেছিলেন তারা সমস্ত অরিজিনাল নথি নিয়ে ফেরত চলে গেছেন দিল্লিতে। এজন্য আদালতের কাছে তিনি সময়ও চান।
বলেন, পরবর্তী শুনানি আগামী সোমবার দুপুর দুটোর সময় করা হোক।
পরে বিচারপতি কেন্দ্রের আইনজীবীকে স্পষ্টভাবে জানান, আগামী সোমবার তিনি সমস্ত ডকুমেন্ট নিয়ে আসতে পারবেন তো? কোনও অ্যাডজর্নমেন্ট দেওয়া হবে না কিন্তু। বিচারপতির প্রশ্নে সম্মতি জানান কেন্দ্রের আইনজীবী।
এরপরই আদালত আগামী সোমবার দুপুর দুটোয় মামলার শুনানির দিন ধার্য করে। বিচারপতি জানিয়েছেন, ভিনরাজ্যে অপমানিত, অত্যাচারিত হয়েছে রাজ্যের শ্রমিকরা। অথচ যাদের এই অভিযোগের তদন্ত করা উচিত তারা ধৈর্য ধরে সম্মানের সাথে একটা দিন অপেক্ষা করতে পারলেন না।
একই সাথে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এবার কোনওরকম দেরি বা গাফিলতি মেনে নেওয়া হবে না। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি