Home » জ্ঞান হারালেন মহুয়া, গ্রেফতার রাহুল-প্রিয়াঙ্কা-খড়গে! বিরোধীদের কমিশন ঘেরাওয়ে দিল্লিতে ধুন্ধুমার!

জ্ঞান হারালেন মহুয়া, গ্রেফতার রাহুল-প্রিয়াঙ্কা-খড়গে! বিরোধীদের কমিশন ঘেরাওয়ে দিল্লিতে ধুন্ধুমার!

সময় কলকাতা ডেস্ক:- বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাও অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র দিল্লি। তুমুল ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, আরামবাগের সাংসদ মিতালি বাগ। এদিকে দিল্লি পুলিশের তরফে গ্রেফতার করে বাসে তোলা হয়েছে রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, মল্লিকার্জুন খড়গে -সহ ১০০-এর বেশি সাংসদকে। সোমবার নির্বাচন কমিশনের দফতরের উদ্দেশে এই পদযাত্রা শুরু করেছিল ইন্ডিয়া জোট। রাহুল গান্ধির পাশাপাশি আটক হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব-সহ সমস্ত বিরোধী সাংসদরা।

দিল্লি পুলিশ সমস্ত বিরোধী সাংসদদের দু’টি বাসে তুলে নিয়ে যায়। অন্যদিকে, পুলিশের সাথে ধস্তাধস্তির মধ্যেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অজ্ঞান হয়ে পড়েন। সোমবার দিল্লির রাজপথ সরগরম বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বিক্ষোভে। সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হলেও তাঁর অনুমতি দেয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ।

এদিন সকালে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু হতেই এসআইআর ইস্যুতে সরব হন বিরোধী সাংসদেরা। তুমুল হইচইয়ে দুপুর ২টো পর্যন্ত দুই কক্ষের কার্যসূচি মুলতুবি হয়ে যায়।

এর পরেই রাহুল গান্ধি, প্রিয়ঙ্কা গান্ধি, ডেরেক ও ব্রায়েন, অখিলেশ যাদব-সহ প্রায় ৩০০ জন সাংসদের মিছিল সংসদ ভবন থেকে রওনা হয়। কিন্তু কিছু দূর যেতেই ব্যারিকেড তুলে পথ আটকে দেয় দিল্লি পুলিশ। মিছিল আটকাতেই শুরু হয় রাস্তায় বসে বিক্ষোভ। ‘ভোট চুরি’ বন্ধের দাবিতে দেশজুড়ে বিভিন্ন ভাষায় স্লোগান শোনা যায়।

মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ-সহ মহিলা সাংসদেরা ব্যারিকেডের ওপর উঠে প্রতিবাদ জানান। পোস্টার ও ব্যানারে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। তৃণমূল সাংসদদের হাতে থাকা ব্যানারে লেখা— ‘চুপি চুপি ভোটের কারচুপি’। বর্তমানে ‘ইন্ডিয়া’ জোটের বাইরে থাকলেও সোমবারের কর্মসূচিতে শামিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও। সেই ঘেরাও কর্মসূচিতে গিয়েই জ্ঞান হারালেন মহুয়া, গ্রেফতার রাহুল-প্রিয়াঙ্কা-খড়গে!

About Post Author