Home » বারাসাতে ফের শুরু হতে চলেছে মেট্রো রেলের কাজ

বারাসাতে ফের শুরু হতে চলেছে মেট্রো রেলের কাজ

সময় কলকাতা ডেস্ক:- বিমানবন্দর পৌঁছতে বাস-ট্রাম, অটোর ঝক্কি সামলানোর দিন কবে কাটবে, তার দিকে তাকিয়ে ছিল বারাসাতবাসী। তবে সেই অপেক্ষার অবসান এবার ঘটবে বলে মনে করা হচ্ছ। ফের বারাসাতে শুরু হতে চলেছে মেট্রো রেল প্রকল্পের কাজ । বুধবার বারাসাত পুরসভার চেয়ারম্যান অশনি মুখার্জি সাংবাদিক বৈঠক করে এমনই কথা বলেছেন।

তিনি জানিয়েছেন, মেট্রোরেলের তরফে বারাসাত পুরসভায় চিঠি দিয়ে মেট্রো রেলের কাজের জন্য সয়েল টেস্টের অনুমতি চাওয়া হয়েছে। এবং সেই মতো দ্রুত পুরসভার তরফে মেট্রোরেল কর্তৃপক্ষকে এনওসি দেওয়া হবে। এবং তাঁর পরই শুরু হবে কাজ।

তিনি আরও বলেন, আপাতত মাইলকেল নগর পর্যন্ত কাজ হবে বলে জানানো হয়েছে। এবং পরবর্তীতে ২০৩০ মধ্যে কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, রেলমন্ত্রী থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারাসাত থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোরেল তৈরির ঘোষণা করেছিলেন। বারাসাত থেকে নোয়াপাড়া পর্যন্ত রেল নির্মাণের যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা দুই ভাগে বিভক্ত। যার মধ্যে একটি ভাগ নোয়াপাড়া স্টেশন, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং বিমানবন্দর। নোয়াপাড়া স্টেশন, দমদম ক্যান্টনমেন্ট দিয়ে মেট্রো রেল যাবে মাটির উপর দিয়ে। অন্যদিকে, যশোর রোড এবং বিমানবন্দর স্টেশনটি মাটির নিচে হবে। বছর সাত-আটেক আগে এই অংশে মেট্রো রেলের কাজ শুরু হয়েছিল। এই রুটে বিমানবন্দর থেকে বারাসাত পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ পথ রয়েছে।

এই পদ্ধতিতে মেট্রো রেলের পথ তৈরিতে জমিজট অন্যতম প্রধান কারণ। আগে এক্ষেত্রে মেট্রোরেলের সম্প্রসারণের কাজে রীতিমতো বাধা তৈরি হয়েছিল। সমস্যা মেটাতে এই এলাকার বেশ কিছুটা মেট্রো রুট ভূগর্ভস্থ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে তাতেও সমস্যা মেটেনি। কয়েক হাজার দোকানদার এবং অবৈধ নির্মাণ এক্ষেত্রে বড় বাধা। সেই সব জট কাটিয়ে মেট্রো রেলের পথ নির্মাণে বিরাট-বিরাট চ্যালেঞ্জ নিতে হবে প্রশাসনকে এমনটাই মনে করা হচ্ছে।

About Post Author