Home » মধ্যমগ্রামে বিস্ফোরণ, তদন্তে এনআইএ!

মধ্যমগ্রামে বিস্ফোরণ, তদন্তে এনআইএ!

সময় কলকাতা ডেস্ক:- রবিবার মাঝরাতে মধ্যমগ্রামে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির মৃত্যু। মধ্যমগ্রামে বিস্ফোরণের ঘটনার পরেই গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই মারা যান তিনি। ওই যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁর নাম সচিদানন্দ মিশ্র বলে সূত্রের খবর। বিস্ফোরণের ঘটনায় তদন্তে নেমেছে এনআইএ। এনআইএ-র টিম পৌঁছয় হাসপাতালে।

কী ভাবে বিস্ফোরণ তা খতিয়ে দেখতে ঘটনাস্থলেও যাবে এনআইএ। ঘটনাস্থলটি খতিয়ে দেখে নমুনা সংগ্রহ করবেন এনআইএ আধিকারিকরা। কীভাবে জনবহুল স্থানে এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটল, তার তদন্তে নেমেছে পুলিশও। সূত্রের খবর, বিস্ফোরণস্থল থেকে একটি ব্যাগ ও চার্জার উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বাসিন্দা ওই ব্যক্তির কাছেই একটি ব্যাগ ছিল। রবিবার মধ্য রাতে ওই ব্যক্তি স্কুলের সামনের এলাকাতেই হাতে বোমা নিয়ে বসেছিলেন। কিছুক্ষণের মধ্যেই তাঁর হাতে বোমাটি ফাটে। আওয়াজ শুনে কয়েকজন স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মধ্যমগ্রাম থানার পুলিশ। খবর পেয়ে পৌঁছয় বোম ডিস্পোজাল টিম। উদ্ধার হয় একটি ব্যাগ। শুরু হয়েছে তদন্ত।

খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছন বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস-সহ এসডিপিও বারাসত, বিদ্যাগর অজিঙ্কা অনন্ত।

এখনই এই বিস্ফোরণ নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ পুলিশ। এমনকী সংবাদমাধ্যমকে ছবি তুলতে দেওয়া হচ্ছে না। বিস্ফোরণস্থলটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে এখনও বোমার ভগ্নাংশ থাকতে পারে বলে আশঙ্কা তদন্তকারীদের। সেই কারণেই সেখান থেকে নিরাপদ দূরত্বে সবাইকে আটকে দেওয়া হয়েছে। স্থানীয়রা বলছেন, মধ্যমগ্রামে এই ঘটনা একেবারে নতুন। আশপাশের এলাকায় এমন বিস্ফোরণ ঘটলেও, মধ্যমগ্রাম শহরের প্রাণকেন্দ্রে এমন ঘটনা আগে শোনা যায়নি।

About Post Author