Home » বাঘের থাবা ফের কেড়ে নিল প্রাণ! এবার বাঘের শিকার জলপাইগুড়ির এক স্কুল পড়ুয়া!

বাঘের থাবা ফের কেড়ে নিল প্রাণ! এবার বাঘের শিকার জলপাইগুড়ির এক স্কুল পড়ুয়া!

সময় কলকাতা ডেস্ক:- দিনের পর দিন উত্তরবঙ্গ থেকে এক এক করে উঠে আছে বাঘের থাবায় প্রাণ নাশের খবর। আজ, বুধবার ঠিক একই মর্মান্তিক খবর উঠে এল জলপাইগুড়ির জেলার বানারহাট থানার উত্তর শালবাড়ী এলাকা থেকে। জানা গেছে, এদিন বাঘের হামলায় প্রাণ হারিয়েছে বছর ১২-এর এক স্কুল পড়ুয়া। স্বাভাবিকভাবেই, একের পর এক বাঘের হানায় প্রাণ নাশের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। একই সাথে শোকস্তব্ধ সমগ্র এলাকা।

সূত্রের খবর, মৃত কিশোরের নাম করিমূল হক। করিমূল শালবাড়ীর আংরাভাষা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোগলকাটা চা বাগান লাগোয়া খুটাবাড়ির বাসিন্দা। এবং কলাবাড়ি হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

এদিন সন্ধ্যায় বাড়ির সামনে খেলছিল করিমুল। আচমকা একটি বাঘ গ্রামে ঢুকে পড়ে এবং মুহূর্তের মধ্যে করিমূলকে টেনে নিয়ে যায়। চিৎকার চেঁচামেচি শুনে গ্রামবাসীরা ছুটে এলেও শেষ রক্ষা করা যায়নি।

ইতিমধ্যেই, এলাকায় প্রবল আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও একাধিকবার এই অঞ্চলে বাঘের আক্রমণ ঘটেছে। প্রতিবারই সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন বা গুরুতর জখম হয়েছেন। তবুও বন-দপ্তর কার্যকর কোনও ব্যবস্থা নেয়নি।

সবচেয়ে উদ্বেগজনক বিষয়, ঘটনার ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত পুলিশ বা বনদপ্তরের কোনও কর্মী ঘটনাস্থলে পৌঁছাননি। ফলে গ্রামবাসীরা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন।

এক প্রতিবেশীর কথায়, “প্রায়ই বাঘ গ্রামে ঢুকে পড়ছে। আমরা ভয়ে দিন কাটাচ্ছি। আজ করিমূলকে নিয়ে গেল, কাল আর কাকে কাকে নিয়ে যাবে কে জানে। অথচ প্রশাসন এখনও পর্যন্ত নীরব।”

স্বাভাবিকভাবেই, এলাকাজুড়ে এখন শোকের পাশাপাশি তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

উল্লেখ্য, বনদপ্তর ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে স্থানীয়দের দাবি, অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থা করা হোক।

About Post Author