Home » ৩ জয়েশ জঙ্গি গেল কোথায়? বিহারে ঢোকেনি, জানিয়ে দিল নেপাল

৩ জয়েশ জঙ্গি গেল কোথায়? বিহারে ঢোকেনি, জানিয়ে দিল নেপাল

সময় কলকাতা ডেস্ক:- পহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুরে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি লস্কর-ই-তোইবা, জয়েশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদিনের ঘাঁটিগুলি নিকেশ করে দেয় ভারত। তারপর থেকেই পাক সেনা ও চর সংস্থা আইএসআইয়ের মদতে জঙ্গিরা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে।

কিছুদিন আগে জানা যায়, ভারতে প্রতিশোধমূলক হামলার ছকে জয়েশ গোপনে আন্তর্জাতিকভাবে চাঁদা সংগ্রহের কাজ চালাচ্ছে। কিন্তু, এবার সরাসরি ভারতে ঢুকে হামলা চালানোর ছক কষেছে জয়েশ, সেটা প্রকাশ্যে আসে। বিহারে বিধানসভা ভোটের মুখে পাকিস্তানি জইশ-ই-মহম্মদের জঙ্গি হামলার ছক। তিন জইশ জঙ্গি নেপাল হয়ে ঢুকে পড়েছে বিহারে।

দেশের গোয়েন্দা সংগঠনগুলি গোপন সূত্রে খবর পেয়ে বিহার সরকারকে সতর্ক করে দেয় এ ব্যাপারে। আর তারপরই বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে রাজ্য জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়। বিহারে ঢোকা-বেরনোর সব রাস্তায় কড়া তল্লাশি চলে। তবে শুক্রবার নেপাল কর্তৃপক্ষ তথ্য দিয়ে জানিয়ে দিল, ৩ জয়েশ জঙ্গি সীমান্ত ডিঙিয়ে বিহারে ঢোকেনি।

নেপাল সরকারিভাবে জানিয়ে দিয়েছে যে, সন্দেহভাজন ওই তিন জঙ্গি কাঠমান্ডু এসেছিল ঠিকই, তবে তারা সেখান থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়ে গিয়েছে। নেপাল পুলিশ, অভিবাসন দফতর ও কাঠমান্ডু বিমানবন্দর কর্তৃপক্ষ দাবি করে জানিয়েছে, পাকিস্তানি তিন নাগরিক কাঠমান্ডু থেকে আলাদা আলাদা দিন-সময়ে আলাদা বিমান ধরে মালয়েশিয়ার কুয়ালা লামপুরের উদ্দেশে রওনা হয়েছে।

নেপাল অভিবাসন দফতরের মুখপাত্র জানান, হাসনান আলি ও আদিল হুসেন নামে দুই পাক নাগরিক সেদেশের পাসপোর্ট সহ ৮ আগস্ট নেপালে এসে পৌঁছন। মহম্মদ উসমান নামে আরেকজন ১০ আগস্ট একইভাবে কাঠমান্ডুতে আসেন। হাসনান আলি ও আদিল হুসেন গত ১৫ অগস্ট মালয়েশিয়ার বিমান সংস্থার এমএইচ ১১৫ ফ্লাইটে কুয়ালা লামপুরের উদ্দেশে চলে যায়। বিমানটি রাত ১০টা ৪৫ মিনিটে ছেড়েছিল।

এদিকে, মহম্মদ উসমান একই শহরের দিকে রওনা দেয় ২৪ আগস্ট, নেপাল এয়ারলাইন্সের আরএ ৪১৫ নম্বর উড়ানে। যেটি ছেড়েছিল রাত ৯টা ৩৫ মিনিটে। আরও জানানো হয়েছে, তিনজনেই পর্যটক ভিসা নিয়ে নেপালে এসেছিল।

নেপালের তরফে আরও বলা হয়, তাদের পাসপোর্ট এবং পরিচিতি সম্পর্কে ভারতীয় গোয়েন্দা সংস্থা কিংবা ইন্টারপোলের কাছ থেকে কোনও সতর্কতা ছিল না। যদি তেমন কোনও ইঙ্গিত থাকত, তাহলে নেপালেই তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হতো।

এদিকে, ভারতের গোয়েন্দা সংগঠনগুলি গোপন সূত্রে খবর পেয়ে বিহার সরকারকে বৃহস্পতিবার সতর্ক করে দেয় এ ব্যাপারে।

বলা হয়, পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের তিন তালিমপ্রাপ্ত জঙ্গি রাজ্যে ঢুকে পড়েছে। তিন জঙ্গিই নেপাল সীমান্ত পেরিয়ে বিহারে এসেছে বলে গোয়েন্দারা জানিয়েছেন।

তবে শুক্রবার নেপাল কর্তৃপক্ষ তথ্য দিয়ে জানিয়ে দিল, ৩ জয়েশ জঙ্গি সীমান্ত ডিঙিয়ে বিহারে ঢোকেনি।

About Post Author