সময় কলকাতা ডেস্কঃ মঙ্গলবার সাতসকালে ট্রেন অবরোধ। সময়মতো ট্রেন চালানোর দাবিতে দক্ষিণ-পূর্ব রেলের নলপুর স্টেশনে রেল অবরোধ করলেন নিত্যযাত্রীরা। সকাল থেকে শুরু হয় অবরোধএবং প্রায় তিনঘন্টা পর অবশেষে অবরোধ উঠেছে। একটানা অবরোধের জেরে বহু লোকাল, দূরপাল্লার ট্রেন সহ অনেক মালগাড়ি দাঁড়িয়ে পড়ে। ফলে চরম সমস্যায় ও ভোগান্তিতে পড়েছেন অফিসযাত্রীরা।

জানা গিয়েছে, এদিন সকাল ৬ টা ২০ মিনিট নাগাদ দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখার নলপুর স্টেশনের কাছে রেল অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। একেবারে রেললাইনে নেমে বিক্ষোভ শুরু করেন তাঁরা। রেলপুলিশের তরফে বারবার মাইকিং করে অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন করলেও তাতে কর্ণপাত করেননি অবরোধকারীরা। পুলিশকে ঘিরে তারা বিক্ষোভ শুরু করেন। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিককে এস আনন্দ জানান, “সকাল থেকে স্থানীয় বাসিন্দারা নলপুর স্টেশনে রেল অবরোধ করেন। তাঁদের সঙ্গে কথা বলতে চাইলেও তাঁরা কিছুতেই কথা বলতে চাইছেন না।গোটা ঘটনার উপর নজর রাখা হয়েছে।” এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। যদিও এখনো পর্যন্ত কোনো ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি।

এরপর সকাল নটা নাগাদ রেলের উচ্চপদস্থ আধিকারিক ঘটনাস্থলে যান এবং অবরোধকারীদের দাবি বিবেচনা করে দেখা হবে বলে তিনি আশ্বাস দেন। তারপরই রেললাইন থেকে সরে যান বিক্ষোভকারীরা।


More Stories
বারাসাতে পুকুরে ভেসে উঠল দেহ, খুন নাকি আত্মহত্যা?
মাদক ও নেশা রুখতে বিশেষ তৎপরতা পুলিশের
পাখির সংখ্যা কমছে জেলায়