Home » দাহ করতে গিয়ে নিখোঁজ, কেন?

দাহ করতে গিয়ে নিখোঁজ, কেন?

সময় কলকাতা ডেস্কঃ  রাতের অন্ধকারে নদীতে স্নান করতে নেমে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার রাতে এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত বালুরঘাট শহরের সাহেব কাচারি এলাকায়। মৃত ব্যক্তির নাম ভাস্কর সিংহ।

স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে মৃত ওই ব্যক্তি মরা পোড়াতে যান। তারপর স্নান করার জন্য তিনি আত্রাই নদীতে গেলে সেখানেই তলিয়ে যান। এক স্থানীয়ের চোখে এই দৃশ্য পড়তেই খবর পৌঁছায় তাঁর বাড়িতে। মৃত ওই ব্যক্তির ভাই তড়িঘড়ি সেখানে আসেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। বালুরঘাট থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান এবং খবর দেন বিপর্যয় মোকাবিলা দলকে। কিন্তু তাঁদের কাছে কোনো ডুবুরি না থাকায় স্থানীয় ব্যক্তিরা আত্রাই নদীতে জাল ফেলে ওই ব্যক্তির সন্ধান চালান। বেশ কিছুক্ষন তল্লাশি চালানোর পরও তাঁর দেহ উদ্ধার করা যায়নি। এমন এক মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়।

এলাকায় নদী থাকার পরও কোনো ডুবুরি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মৃত ব্যক্তির ভাই। তাঁর দাবি, এর আগেও এমনভাবে অনেকেই তলিয়ে গেছেন এই নদীতে। প্রশাসনের তরফে তারপরেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। প্রসাশন কোনো সিদ্ধান্ত না নিলে এর পরে আবারও এমন ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

অবশেষে রবিবার সকালেই প্রশাসনের তরফে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে একটি এন ডি আর এফ টিমকে খবর দেওয়া হয়।খবর পাওয়া মাত্রই তারা ঘটনাস্থলে পৌঁছালে আত্রাই নদীতে নেমে মৃত ওই ব্যক্তির দেহটিকে উদ্ধার করে।এরপর বালুরঘাট থানার পুলিশের তৎপরতায় দেহটিকে উদ্ধার করে তারা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

About Post Author