সময় কলকাতা ডেস্কঃ আবার ভারত-পাকিস্তান সীমান্তে ভারতীয় ভূখণ্ডে পাকিস্তানি ড্রোনের অনুপ্রবেশ। পাকিস্তানের ড্রোন গুলি করে নামালো ভারতীয় সেনাবাহিনী। সোমবার সকালে পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে একটি বড় আকারের ড্রোনকে উড়তে দেখা যায়। দেখামাত্রই ড্রোনটিকে গুলি করে নিচে নামায় ভারতীয় সেনাবাহিনী। ফিরোজপুর সেক্টরে সেনাবাহিনীর দ্বারা গুলি করে নামানো ড্রোনটি থেকে উদ্ধার হয় একটি বড় ব্যাগ। সবুজ ব্যাগটি থেকে উদ্ধার করা হয়েছে চারটি হলুদ রঙের কাগজে মোড়া প্যাকেট এবং একটি ছোট কালো কাগজে মোড়া প্যাকেট। উদ্ধার হওয়া পাঁচটি প্যাকেটে ছিল নিষিদ্ধ বস্তু। যদিও সেনাবাহিনীর তরফ থেকে এখনো কোনো বিবৃতি দিয়ে জানানো হয়নি কি বস্তু ছিল ওই পাঁচটি প্যাকেটে। তবে সেনাবাহিনীর তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে পাকিস্তানের কোন অঞ্চল থেকে ওড়ানো হয়েছিল এই ড্রোনটি। এই ড্রোনের মাধ্যমে কোন নাশকতামুলক কাজ করার পরিকল্পনা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে ১৭ ই ডিসেম্বর ২০২১ সালে ফিরোজপুর সেক্টর থেকেই গুলি করে নামানো হয়েছিল আরেকটি ড্রোন। চীনের তৈরি ওই ড্রোন থেকে উদ্ধার করা হয়েছিল স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ। ২০২২ সালেও এই একই অঞ্চলে উদ্ধার হয়েছিল আরেকটি পাকিস্তানি ড্রোন। যে ড্রোনে লাগানো ছিল স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। সম্প্রতি কাশ্মীরে অবস্থিত ভারতীয় বায়ুসেনার একটি ক্যাম্পে ড্রোনের মাধ্যমেই চালানো হয়েছিল গুলি। নিহত হয়েছিল একাধিক সেনাবাহিনীর জওয়ান। লাগাতার ভারতীয় সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের এই ধরনের অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন ভারতীয় সেনাবাহিনী। সেই কারণে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে ড্রোনের উপর নজরদারি চালানোর জন্য বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির নজরদারি যন্ত্র। বিজ্ঞানের অগ্রগতির পাশাপাশি বিভিন্ন জঙ্গিগোষ্ঠীও ব্যবহার করা শুরু করেছে এই প্রযুক্তিকে।
ভারত পাকিস্তান সীমান্তকে ভারতীয় সেনাবাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলার পর থেকেই ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমশ বাড়ছে পাকিস্তানি ড্রোনের হানা। ড্রোনের মাধ্যমে যেমন নিষিদ্ধ মাদকদ্রব্যের চোরাচালান করছে জঙ্গি গোষ্ঠীরা ।তেমনি অস্ত্র ,গোলাবারুদ সীমান্ত পেরিয়ে ভারতে পাঠানোর ব্যবস্থা করছে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী। ড্রোনের হানা বন্ধ করার জন্য ইতিমধ্যেই আরো উন্নত প্রযুক্তিকে ব্যবহার করার চিন্তাভাবনা শুরু করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক।
ফের সীমান্তে পাকিস্তানি ড্রোনের অনুপ্রবেশ, উদ্ধার পাঁচটি প্যাকেটে নিষিদ্ধ বস্তু !


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর